ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুজিবাজারে লেনদেনের শুরুতে 'ব্যাপক' দরপতন দেখা দিলেও দিন শেষ হয়েছে সূচকের বাড়া দিয়ে।
বুধবার লেনদেন শুরুর পর ২৫ মিনিটে সাধারণ সূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৩৯ পয়েন্টে। এরপরই বিনিয়োগকারীদের বিক্ষোভ শুরু হয়।
এরপর সূচক আবার ওপরের দিকে উঠতে থাকে। বেলা ১২টা ২৫ মিনিটে সূচক গতদিনের অবস্থানকে ছাড়িয়ে যায়। এরপর সূচকের ওঠানামা চলছে।
লেনদেন শেষে সাধারণ সূচক ৬৬ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৯ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ২৮টির এবং বদলায়নি ৭টির। লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২২৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে।
গত সপ্তাহের দরপতনের ধারাবাহিতকতায় রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সাধারণ সূচক কমে ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট এবং সোমবার কমে ১৪ দশমিক ৫৪ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফকে/আরবি/এসইউ/১৬০৫ ঘ.
bdnews24