২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক দরপতন, বিক্ষোভ পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনও দরপতন দেখল দেশের দুই পুঁজিবাজার। 'ব্যাপক' দরপতনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনও দরপতন দেখল দেশের দুই পুঁজিবাজার। 'ব্যাপক' দরপতনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২২৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ২৯৩ দশমিক ৩১ পয়েন্ট। গত ২৫ মের পর এটাই সর্বনিু। সেদিন সূচক ছিলো ৫ হাজার ২৯২ দশমিক ৫৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৮৭ দশমিক ৩১ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫৫৫ দশমিক ২১ পয়েন্ট। গত কয়েকদিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় দিনেও দরপতন দিয়েই লেনদেন শুরু হয় দুই পুঁজিবাজারে। লেনদেনের এক পর্যায়ে ১টা ৫৫ মিনিটে ডিএসই সাধারণ সূচক ২৪৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ২৭২ দশমিক ২২ পয়েন্টে। লেনদেন শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই মতিঝিলে ডিএসইর সামনে রাস্তায় নেমে আসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তার প্রথমে মতিঝিলে ডিএসই ভবনের সামনে মানববন্ধন শুরু করে। কিন্তু দরপতন অব্যাহত থাকলে দুপুর দেড়টার দিকে ডিএসই ভবনে সামনের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে বিনিয়োগকারীরা। এতে শাপলা চত্বর থেকে ইত্তেফাক ভবন পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। সাড়ে ৩টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৪৯টির, বেড়েছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির। লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৯১ লাখ টাকার। গত সপ্তাহের দরপতনের ধারাবাহিতকতায় রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সাধারণ সূচক কমে ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট এবং সোমবার কমে ১৪ দশমিক ৫৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কো¤পানি হলো - বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, তিতাস গ্যাস লি., বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা ও ন্যাশনাল ব্যাংক। দর বাড়ার শীর্ষে ৪টি কো¤পানি হলো, ৫ম আইসিবি, এসিআই জিরো কুপন বন্ড, ৪র্থ আইসিবি ও বাটা সু কোম্পানি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - প্রিমিয়ার লিজিং, গ্রামীণ ১, গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ট্রাস্ট ব্যাংক, সলভো কেমিক্যাল, রহিমা ফুড, সাফকো স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ও মেঘনা পেট্রোলিয়াম। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্ট। টানা দরপতনের কারণে রোববার ও সোমবারও বিক্ষোভ করেছিল বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মঙ্গলবার থেকে তিনদিনের প্রতীকী অনশনের ডাক দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম অফিস জানায়, দুপুর দেড়টার দিকে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে সমাবেশ ও মিছিল করে বিনিয়োগকারীরা। চিটাগাং ইনভেস্টরস ফোরামের ব্যানারে উদ্যোগে এ সমাবেশে ২০-২৫ জন বিনিয়োগকারী অংশ নেন। সমাবেশ থেকে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি করেন। সমাবেশে বক্তারা মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্স সেল বন্ধ করার দাবি জানিয়ে বলেন, যারা এটি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরপতনের প্রতিবাদে বুধবার বেলা ১২টায় সিএসই কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট এবং বৃহস্পতিবার একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/কেটি/এমসি/এফএফআর/এমআই/এসইউ/১৭২৭ ঘ.