ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনগ্রসর এলাকায় কৃষি উৎপাদন বাড়াতে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
'ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রডাক্ট্রিভিটি প্রজেক্ট' নামের এ প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে ওই দুই অঞ্চলে দারিদ্র্য কমানো।
বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং রংপুর বিভাগের রংপৃর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার মোট ৫৪ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পে সরকার দেবে ১৩০ কোটি টাকা। বাকি ৩৭০ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে। প্রকল্প সাহায্যের পুরোটাই দেবে বিশ্বব্যাংক। সংস্থাটি 'কৃষি ও খাদ্য নিরাপত্তা তহবিল' থেকে এ সহায়তা দেবে।
কৃষি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ এক হাজার ২৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান।
ঢাকার রাস্ত-ঘাটের উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্প
একনেকের বৈঠকে রাজধানীর রাস্তা-ঘাট উন্নয়নে ১৭৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া। 'ঢাকা আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট' নামের এ প্রকল্পের আওতায় ঢাকা সিটি কর্পোরেশন ১১৭ কিলোমিটার রাস্তা-ঘাট উন্নয়ন, ৮৯ কিলোমিটার ড্রেন ও ২৬ কিলোমিটার ফুটপাত নির্মাণ করবে।
এছাড়া প্রকল্পের আওতায় ২৫৫ বর্গমিটারের একটি বক্স কালভার্ট, দুটি কমিউনিটি সেন্টার, একটি পাবলিক লাইব্রেরি ও একটি মেটারনিটি সেন্টার নির্মাণ করা হবে। এ প্রকল্পে সব অর্থই সরকার যোগান দেবে।
অনুমোদিত অন্য ৬ প্রকল্প
অনুমোদিত অন্য ৬ প্রকল্প হচ্ছে- ৪২ কোটি টাকার ১১টি পুরাতন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প (২য় পর্যায়), ৭৫ কোটি টাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ, ৫২ কোটি টাকার এক্সপানশন এন্ড ডেভেলপমেন্ট অব 'প্রয়াস' এট ঢাকা ক্যান্টনমেন্ট প্রজেক্ট, ৬৯ কোটি টাকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), ২৯৪ কোটি টাকার দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা (২য় পর্যায়) এবং ৮৮ কোটি টাকার কনস্ট্রাকশন অব বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স ইন টোকিও, জাপান প্রকল্প।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্ট, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24