ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ ট্রানজিট ও বাণিজ্য বিষয়ে ভারত-বাংলাদেশ প্রটোকল নবায়নের আগামী বৈঠকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি কার্যকর করার আগে চার থেকে ছয়টি পরীক্ষামূলক চালান বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে পূর্বাঞ্চলে যাবে।
নতুন বীমা নীতি এবং দেশের বীমা খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
চলতি বছরের ফেব্র"য়ারিতে ভারতের পালটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারি যন্ত্রাংশ আশুগঞ্জ হয়ে আগরতলা সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় নেওয়া হয়। এরপর কলকাতা থেকে আশুগঞ্জ নৌবন্দর হয়ে ভারতীয় পণ্যের প্রথম বাণিজ্যিক চালানটি সেপ্টেম্বরে আগরতলা পৌঁছায়।
চলতি বছর ফেব্র"য়ারি মাসে গোয়ায় প্রটোকল নবায়ন বৈঠকে আশুগঞ্জকে ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরুর সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষামূলকভাবে ক'টি চালান বাংলাদেশের ওপর দিয়ে পার হবে- সে বিষয়টি তখন নির্ধারণ করা হয়নি।
মশিউর বলেন, "আমরা এখনই একটি ফি বেঁধে দিতে পারি। তবে প্রটোকল নবায়নের আগামী বৈঠকেই এটা চূড়ান্ত করা হবে।"
বর্তমানে দুই দেশের মধ্যে এ বিষয়ে যে প্রটোকল রয়েছে তার মেয়াদ শেষ হবে আগামী মার্চে। তার আগেই কোনো এক সময় প্রটোকল নবায়নের বিষয়ে বৈঠকে বসবেন কর্মকর্তারা।
ট্রান্সশিপমেন্ট ফি নির্ধারণে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "ট্রান্সশিপমেন্ট ভারতের পণ্য পরিবহনের জন্য জরুরি। আমরা কেন এ বিষয়ে যোগাযোগ করবো? তারাই এ নিয়ে আামদের সেঙ্গ কথা বলবে।"
ট্রান্সশিপমেন্টের আওতায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনে কোনো আইনি বাধা নেই বলেও উল্লেখ করেন মশিাউর।
"ট্রান্সশিপমেন্ট ফি এমনভাবে নির্ধারণ করা হবে যাতে খরচ উঠে আসার পাশাপাশি ন্যায়সঙ্গত লাভ পায় বাংলাদেশ। তবে এটাকে মনোপলিতে পরিণত করার কথা ভাবা ঠিক হবে না," যোগ করেন তিনি।
মশিউর বলেন, "ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে তা চিহ্নিত করতেই পরীক্ষামূলক পণ্য পরিবহন করা হচ্ছে। তিনটি স্থানে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রথমত আশুগঞ্জ নৌবন্দর, দ্বিতীয়ত যেখানে ট্রাকে পণ্য তোলা হয় এবং তৃতীয়ত সীমান্তের চেক পোস্ট।"
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), জাতীয় রাজস্ব বোর্ড ও সড়ক ও জনপথ বিভাগ এ বিষয়গুলো দেখবে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মনে করেন, পণ্য পরিবহণের ফি নির্ধরাণ করা উচিৎ কোন পথে তা যাচ্ছে তার ভিত্তিতে, দূরত্বের বিবেচনায় নয়।
এ বিষয়ে পরামর্শক কমিটির প্রতিবেদনে কী বলা হয়েছে জানতে চাইলে মশিউর বলেন, কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে গঠিত এই কমিটি ট্রানজিটের খুটিনাটি ও ফি নির্ধরণের বিষয়টি পর্যালোচনা করছে।
সেপ্টেম্বরের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তিস্তার পনিবণ্টন চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় ট্রানজিটের বিষয়টিও আটকে যায়।
এই পরিস্থিতিতে বাংলাদেশ কেন ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছে- এ প্রশ্নের জবাবে মশিউর বলেন, "বাংলাদেশ সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার নীতিতে বিশ্বাসী। প্রতিবেশী যদি অর্ধেক জানালা খোলে, তাহলে আমরাও তাই করবো- এমন নীতিতে আমরা বিশ্বাসী নই।"
তিনি বলেন, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের এক অংশ থেকে অন্য অংশে পণ্য পরিবহনের সুবাদে তাদের অনেক খরচ বেঁচে যাবে। তবে একইসঙ্গে বাংলাদেশও গার্মেন্ট পণ্যে শুল্কমুক্ত সুবিধা থেকে লাভবান হবে।
৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা সফরে ৪৬ ধরনের বাংলাদেশি গার্মেন্ট পণ্যকে ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দেন মনমোহন সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯১০ ঘ.
bdnews24