চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সোমবার থেকে। তবে বিজিএমইএ'র কন্টেইনার আপাতত এর আওতায় থাকছে না।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সৈয়দ ফরহাদ বলেন, "বন্দরের এনসিটি ও সিসিটি জেটিতে পরীক্ষামূলকভাবে সিটিএমএস চালু হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেটিগুলোতে এ পদ্ধতিতে কন্টেইনার ব্যবস্থাপনা করা হবে।"
এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার টার্মিনাল ম্যানেজম্যান্ট সিস্টেম (সিটিএমএস) চালুর ঘোষণা দিলেও বিজিএমইএ'র দাবির মুখে তা দুদফায় পেছায়।
এবারও তা চালু হলেও বিজিএমইএ'র রপ্তানিমুখী কন্টেইনার ব্যবস্থাপনায় আগের পদ্ধতি বহাল থাকছে ১৩ নভেম্বর পর্যন্ত।
সিটিএমএস প্রকল্পের পরিচালক খায়রুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এনসিটি ও সিসিটি জেটির দুটি কন্টেইনারবাহী জাহাজে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু হবে। এর সাতদিন পরে জেসিবি জেটিতে এ প্রক্রিয়া চালু করা হবে।"
সিটিএমএসের পাশাপাশি আগের পদ্ধতি চালু থাকবে উল্লেখ করে তিনি বলেন, "পর্যায়ক্রমে সব কন্টেইনার ব্যবস্থাপনা সিটিএমএসের আওতায় আনা হবে।"
প্রকল্প পরিচালক বলেন, "বিজিএমইএ'র দাবির প্রেক্ষিতে রপ্তানির ক্ষেত্রে তাদের সিটিএমএস'র আওতার বাইরে রাখা হয়েছে। তবে ১৩ নভেম্বর থেকে বিজিএমইএ'র তৈরি পোশাকবাহী কন্টেইনারও এর আওতায় পরিচালিত হবে।"
পরীক্ষামূলক এ প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানিমুখী কন্টেইনারের ৪০ শতাংশ পরীক্ষামূলকভাবে সিটিএমএস এবং ৬০ শতাংশ আগের প্রক্রিয়ায় চলবে। তবে আমদানিমুখী কন্টেইনারগুলো শতভাগ সিটিএমএস প্রক্রিয়ায় চলবে।
দেশের ভেতরে সামগ্রিক অবকাঠামোর বিষয়টি বিবেচনায় এনে পোশাক মালিক সংগঠনের নেতারা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বর্তমানে চালু কাট-অফ টাইম (পণ্য জাহাজীকরণের সময়সীমা) শিথিলকরণের প্রক্রিয়া বাতিলের পক্ষে নন।
সিটিএমএস প্রক্রিয়ায় জেটিতে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কন্টেইনার বন্দরে জমা দিতে হবে।
বর্তমান কাট অফ টাইমের সুবিধায় তৈরি পোশাক মালিকরা বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পর কন্টেইনার জমা দেন।
সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে এই ব্যবস্থায় বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে বন্দর কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০২ ঘ.
bdnews24