২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অকুপাই ওয়ালস্ট্রিট'কে উড়িয়ে দিচ্ছেন না ওবামা

ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনার প্রতি আমেরিকানদের হতাশার প্রকাশ বলে মনে করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনার প্রতি আমেরিকানদের হতাশার প্রকাশ বলে মনে করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তার প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কার প্রস্তাব কংগ্রেসে আটকে দেওয়ার চেষ্টা চালানোয় বিরোধী রিপাবলিকানদের সমালোচনা করেন তিনি। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ আদায়ের চেষ্টা করছে মন্তব্য করে তার সমালোচনা করেন ওবামা। অর্থনৈতিক বৈষম্য এবং ওয়ালস্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলোর 'কর্পোরেট লোভের' বিরুদ্ধে আন্দোলনরতদের দাবির যৌক্তিকতা স্বীকার করে ওবামা বলেন, "আমার মনে হয় মানুষ হতাশ। আমাদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বৃহত্তর হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বিক্ষোভকারীরা।" ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পুনর্র্নিবাচিত হওয়ার জন্য লড়বেন ডেমোক্র্যাট নেতা ওবামা। রিপাবলিকানদের সমালোচনা করে তিনি বলেন, "গত বছর আমরা যা দেখেছি তাতে শুধু আর্থিক খাতই সক্রিয় ছিলো না, রিপাবলিকান পার্টিও ছিলো এবং এ পথে প্রতি পদে পদে কংগ্রেস আমাদের সঙ্গে লড়েছে।" যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের সংস্কারে ২০১০ সালের জুলাইতে পাস হওয়া 'ডোড- ফ্রাঙ্ক' আইনের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি একথা বলেন। ওয়ালস্ট্রিটের অন্যায় সুবিধাগ্রহণ প্রতিরোধের লক্ষ্যে ওই আইন করা হয়। ব্যাংক বিষয়ে ওবামা বলেন, "লুকায়িত ফির ওপর ভিত্তি করে এ ব্যবস্থা চলতে পারে না।" গত সপ্তাহে ব্যাংক অব আমেরিকা বলেছে, ডেবিট কার্ড ব্যবহারকারীদের ওপর মাসে পাঁচ ডলার ফি আরোপের পরিকল্পনা রয়েছে তাদের। এর সমালোচনা করে ওবামা বলেন, স¤প্রতি ব্যাংকগুলো গ্রাহকদের ওপর অন্যায়ভাবে ফি আরোপ করেছে। প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভের এক কর্মকর্তাও ওয়ালস্ট্রিটবিরোধী আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। দেশের অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে ধনীদের ওপর আরো কর আরোপের দাবি করছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ওয়ালস্ট্রিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছে- এমন বেকার যুবকরা ১৭ সেপ্টেম্বর 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে এ আন্দোলনের সূচনা করে। তখন থেকেই লোয়ার ম্যানহাটনের জুকোট্টি পার্কে তাবু টাঙিয়ে অবস্থান করছে তারা। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে অন্য শহরগুলোতেও সংগঠিত হচ্ছে ওয়ালস্ট্রিট বিরোধীরা। গত সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি পেশাজীবীদের ইউনিয়নও এ আন্দোলনের প্রতি সমর্থন জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫১ ঘ.