ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিতত্ত্ববিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, "২০১৩ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে। এজন্য দেশীয় উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বিদেশের ওপর নির্ভর করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।"
বাংলাদেশ কৃষিতত্ত্ববিদ সমিতির ১০ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার খাদ্যমন্ত্রী এ কথা বলেন। গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) মিলনায়তনে 'বাংলাদেশে প্রতিকূল প্রতিবেশে কৃষি উৎপাদন' শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজ্জাক বলেন, "সরকার খাদ্যশস্যের সরবরাহ নিশ্চিত করতে এবং তা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চায়। এজন্য গত বছর বিদেশ থেকে সরকারিভাবে ২২ লাখ টনসহ মোট ৫৩ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হয়।
"এছাড়া বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কর্মসূচি চালানো হচ্ছে।"
"দেশে প্রতি বছর ১২ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করা হয়," উল্লেখ করে মন্ত্রী বলেন, "অথচ তৈলবীজের উৎপাদন বাড়িয়ে চাহিদার অর্ধেক পূরণ করা সম্ভব। কৃষিতত্ত্ববিদরা কার্যকরভাবে এগিয়ে এলে এক্ষেত্রে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/পিডি/১৭৩৯ ঘ.
bdnews24