২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশি নৌযানে যা ফি ট্রান্সশিপমেন্টেও তাই'

বিভিন্ন সেবার জন্য দেশি নৌযানগুলোর কাছ থেকে যে 'লাভবিহীন' ফি নেওয়া হয় ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রেও তা প্রযোজ্য- বলেছেন বিআইডব্লিউটিএ'র পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সেবার জন্য দেশি নৌযানগুলোর কাছ থেকে যে 'লাভবিহীন' ফি নেওয়া হয় ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রেও তা প্রযোজ্য- বলেছেন বিআইডব্লিউটিএ'র পরিচালক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউট্্ির) পরিচালক মোহাম্মদ শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "ট্রান্সশিপমেন্টের আওতায় যেসব নৌযান পণ্য আনা-নেওয়া করছে সেগুলোসহ সব নৌযানের ক্ষেত্রে বিভিন্ন সেবার জন্য আমরা পাঁচটি শ্রেণীতে চার্জ নিয়ে থাকি।" তিনি বলেন, যে পাঁচটি শ্রেণীতে সেবা ফি নেওয়া হয় সেগুলো হলো অবতরণ ও জাহাজীকরণ, বার্থিং ফি, এমজি খাল ও গাবখান খাল ফি, চালক ফি ও শ্রমিক ফি। ভারতকে ট্রান্সশিপমেন্ট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ফি না নিয়ে উল্টো ভর্তুকি দিচ্ছে বলে গত ২৯ সেপ্টেম্বর মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এরপর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ট্রান্সশিপমেন্টে ভারত প্রযোজ্য সব ফি দিয়েছে এবং কোনো ভর্তুকি দেওয়া হয়েছে কি না তা জানতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হবে। কোন্ শ্রেণীতে কত ফি পাঁচ শ্রেণীতে বিআইডব্লিউটিএ এ ফি আরোপ করে ২০০২ সালে। তারপর থেকে এ হার আর বদলায়নি। প্রতি টন পণ্য খালাস ও জাহাজীকরণে ৩০ টাকা এবং বন্দরে অবস্থানকালীন বার্থিং চার্জ হিসেবে প্রতি ২৪ ঘণ্টায় ১৯০ টাকা করে পরিশোধ করে সব নৌযান। বিআইডব্লিউটিএ'র পরিচালক ব্যাখ্যা করে বলেন, "পাঁচশ বা সাতশ টন পণ্য নিয়ে একটি জাহাজ বন্দরে ১০ দিন থাকলে সেটি এক হাজার নয়শ টাকা পরিশোধ করবে।" "এমজি খালের জন্য প্রতি টনে চার টাকা এবং গাবখান খালের জন্য প্রতি টনে ছয় টাকা করে দেয় নৌযানগুলো।" "প্রতি আট ঘণ্টায় চালকের জন্য ফি তিনশ টাকা করে," বলেন তিনি। নৌযানের নিরাপদ চলাচলে চালক যোগান দিয়ে থাকে বিআইডব্লিউটিএ। শফিকুল বলেন, "খুলনার আংটিহারা থেকে মংলা যেতে প্রায় চার ঘণ্টা লাগে। এজন্য নৌযানগুলো চালকের ব্যয় হিসেবে তিনশ টাকা দেয়।" শ্রমিক ফি চুক্তি ভিত্তিতে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, "এক্ষেত্রে প্রতি টনে ৪০ টাকা করে দেওয়া হয়।" সিপিডির ডিশটিঙ্গুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "সরকার ব্যবসা প্রসারণের লক্ষ্যে এসব ফি নির্ধারণ করে থাকে। স্বাভাবিকভাবেই এ হার কম হয়ে থাকে। "ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যাওয়া পণ্যের ক্ষেত্রেও ওই একই ফি প্রয়োগ করা হলে বোঝা যায় সরকার তাদেরও ভর্তুকি দিচ্ছে।" তিনি বলেন, "ট্রান্সশিপমেন্ট হওয়া পণ্যের প্রতি টনে ভর্তুকি দিচ্ছে সরকার। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের ফি আরোপের বিষয়টি তো অনেক দূরের কথা।" ট্রান্সশিপমেন্টের নৌযানগুলো বাংলাদেশ থেকে জ্বালানি নেয় এবং দেশে জ্বালানিতে যে ভর্তুকি দেওয়া হয় সে বিষয়টি মনে করিয়ে দেন এ বিশেষজ্ঞ। ভারতের কলকাতা থেকে ট্রান্সশিপমেন্টের প্রথম বাণিজ্যিক চালান গত ২৮ সেপ্টেম্বর আশুগঞ্জ-আখউড়া হয়ে ভারতের ত্রিপুরা যায়। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আশুগঞ্জকে নদীবন্দর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়। তবে এটিকে শুধু নদীবন্দর নয়, ট্রানশিপমেন্টের দ্বিতীয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১১৪ ঘ.