ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রস্তাব দিয়েছে বিতরণের দায়িত্বে থাকা দুটি প্রতিষ্ঠান।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ শতাংশ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ বাড়াতে বলেছে।
পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জও বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক উম্মুক্ত সভায় প্রস্তাব দুটি আলোচনার জন্য গ্রহণ করা হয়।
পরে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, "পিডিবি এবং ডিপিডিসির প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের কথা বিবেচনায় রেখে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে গত ১৬ মে পিডিবি গড়ে ২১ শতাংশ এবং ৯ জুন ডিপিডিসি ১১ দশমিক ৯৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
তবে প্রথমবারের মতো লোড-শেডিংবিহীন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১৩ টাকা ধরে নতুন একটি প্রস্তাব দিয়েছে পিডিবি।
এই সংস্থাটি দেশের ছয়টি বিতরণ অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট) গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে।
শুনানিতে অংশ নিয়ে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, "স¤প্রতি দুই ধাপে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে সে অনুযায়ী দাম বাড়ানো হয়নি। বর্তমান মূল্যহার সরবরাহ ব্যয়ের তুলনায় কম হওয়ায় প্রতিষ্ঠানটি ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে।"
এসব বিষয় বিবেচনা করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২১ শতাংশ বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পিডিবির চেয়ারম্যান।
পিডিবির এই প্রস্তাবের ওপর আগামী ১৩ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্টরা মতামত দিতে পারবে এবং গণশুনানীতে অংশ নেওয়ার জন্য ১৫ নভেম্বরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে। ১৭ নভেম্বর বিইআরসিতে গণশুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
দাম বাড়ানোর প্রস্তাবকারী অপর প্রতিষ্ঠান ডিপিডিসি বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা মহানগরীর ধানমণ্ডি, লালমাটিয়া, শাহবাগ, শ্যামলী, যাত্রাবাড়ী, কমলাপুর, পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জে।
এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহকসেবা বাড়াতে অর্থের প্রয়োজন। এ কারণে গড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
তাদের প্রস্তাবের ওপর আগামী ২০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা মতামত দিতে পারবে। গণশুনানীতে অংশ নিতে ২২ নভেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা যাবে। এরপর ২৪ নভেম্বর গণশুনানি করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিইআরসি।
সর্বশেষ গত ৮ ফেব্র"য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম 'অন্তবর্তী' সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র"য়ারি থেকে এ দাম কার্যকর হয়।
তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না।
বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রাহক সেবার মানও বাড়াতে হবে।
বিইআরসির সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ এই সভায় উপস্থিত ছিলেন।
পিডিবির প্রস্তাব
পিডিবির প্রস্তাবে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা করার কথা বলা হয়েছে।
একইভাবে ১০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা, ৫০১ থেকে ১০০০ ইউনিটের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সা এবং ১০০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে ৫০০ ইউনিটের ওপর বেশি ব্যবহারকে 'সর্বোচ্চ ব্যবহার' গণ্য করা হতো। পিডিবি তাদের নতুন প্রস্তাবে ১০০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচকেই 'সর্বোচ্চ ব্যবহার' ধরতে বলেছে।
এছাড়া বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প এবং রাস্তার বাতির জন্য দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি।
ডিপিডিসির প্রস্তাব
আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৭৫ পয়সা করতে বলেছে ডিপিডিসি।
একইভাবে ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৮৭ পয়সা, ৪০১ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প এবং রাস্তার বাতির জন্য দাম বাড়ানোরও প্রস্তাব দিয়েছে পিডিবি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ দশমিক ৯৪ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ১৮ দশমিক ৯৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২১৪৪ ঘ.
bdnews24