রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দাম বাড়িয়ে দেওয়ায় রংপুর বিভাগের ডিলাররা ডিপো থেকে পণ্য তোলা বন্ধ করে দিয়েছেন।
ডিলাররা বলছেন, টিসিবির নির্ধারিত দামের চেয়ে কম দামে বাজারে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে।
রংপুর জেলা টিসিবি ডিলার সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর বিভাগের আট জেলায় টিসিবির প্রায় তিনশ' ডিলার রয়েছেন।
"টিসিবি কর্তৃপক্ষ কোনো ঘোষণা ছাড়াই প্রতি কেজি চিনির দাম ৩ টাকা বাড়িয়ে ৬৩ টাকা, মসুর ডাল ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং সয়াবিন তেলে লিটার প্রতি তিন টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে", যোগ করেন তিনি।
ফারুক আহম্মেদ দাবি করেন, রংপুরের সব খুচরা বাজারেই প্রতি কেজি চিনি ৫৮-৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
এদিকে টিসিবি'র এই লটের পণ্য উত্তোলনের সর্বশেষ তারিখ ছিলো বুধবার।
তবে ডিলাররা পণ্য না তোলায় সময় আট দিন বাড়ানো হয়েছে বলে জানান টিসিবি'র রংপুর বিভাগীয় কর্মকর্তা সুজাউদ্দৌলা। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫৮ ঘ.
bdnews24