২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌর বিদ্যুতায়নে ১৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬ লাখ ৩০ হাজার বাড়িতে সৌর বিদ্যুৎ কোষ বসাতে ১৭ কোটি ২০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬ লাখ ৩০ হাজার বাড়িতে সৌর বিদ্যুৎ কোষ বসাতে ১৭ কোটি ২০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুরাল ইলেট্রিফিকেশন অ্যান্ড রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট (আরইআরইডি) প্রকল্পের আওতায় এই ঋণ পাবে বাংলাদেশ। ২০১২ সালের মধ্যে ছয় লাখ ৩০ হাজার বাড়িতে 'সোলার হোম সিস্টেম' বসানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। রাষ্ট্রায়ত্ত্ব আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাসট্রাকচার ডেভলেপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) সৌর বিদ্যুতায়নের এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই ঋণের জন্য বিশ্বব্যাংককে দশমিক ৭৫ শতাংশ হারে 'সার্ভিস চার্জ' দিতে হবে। ঋণ শোধ করতে হবে ৪০ বছরে। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড ধরা হয়েছে ১০ বছর। আরইআরইডি প্রকল্পে বিশ্বব্যাংকের টিম লিডার জুবাইর সাদেক বলেন, "বাংলাদেশে প্রতি মাসে গড়ে ৪০ হাজার গ্রামীণ পরিবারে সৌর বিদ্যুত প্যানেল বসানো হচ্ছে। এই হার আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।" এর আগে ২০০৯ সালের শেষ দিকে এ খাতে ১৩ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশের অন্যতম এই এ উন্নয়ন অংশীদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯১৪ ঘ.