২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মোবাইল' স্টেশনে ৩৮ টাকায় সিএনজি বিক্রির সুপারিশ

কক্সবাজারের ঝিলংজায় এই মোবাইল স্টেশনই হবে দেশের প্রথম সিএনজি বিক্রয়কেন্দ্র, যেখানে পাইপ লাইনের বদলে সিলিন্ডারের মাধ্যমে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) পৌঁছানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের ঝিলংজায় নির্মাণাধীন 'মোবাইল' সিএনজি স্টেশনে প্রতি ঘনমিটার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস ৩৭ টাকা ৮০ পয়সা দরে বিক্রির সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রস্তাব মূল্যায়ন কমিটি। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে কমিশন। ঝিলংজা ইউনিয়নে এই বিক্রয়কেন্দ্রই হবে দেশের প্রথম সিএনজি স্টেশন, যেখানে পাইপ লাইনের বদলে সিলিন্ডারের মাধ্যমে সিএনজি সরবরাহ করা হবে। এ কারণে একে 'মোবাইল সিএনজি স্টেশন' হিসেবে উল্লেখ করছে মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের হাজী সরওয়ার সিএনজি ফিলিং স্টেশন। দুই মাসের মধ্যে ঝিলংজায় সিএনজি বিক্রি শুরুর আশা করছে তারা। এ স্টেশনে কতো দামে সিএনজি বিক্রি হবে তা নিয়ে মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে গণশুনানি হয়। এতে হাজী সরওয়ার সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ঝিলংজায় প্রতি ঘনমিটার সিএনজি ৪৩ টাকায় বিক্রির প্রস্তাব দেয়। অবশ্য প্রস্তাব মূল্যায়ন কমিটি বলেছে, ঝিলংজার জন্য দাম ৩৭ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা যেতে পারে। শুনানী শেষে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবাইল সিএনজি স্টেশন থেকে গ্রাহক পর্যায়ে কত দামে সিএনজি বিক্রি হবে সে বিষয়ে শুনানি শেষ হয়েছে। সংশ্লিষ্টরা আগামী সোমবার পর্যন্ত এ ব্যাপারে মত দিতে পারবেন।" এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ঠিক করা মূল্য অনুযায়ী দেশের সিএনজি স্টেশনগুলোতে গ্যাস বিক্রি হচ্ছে প্রতি ঘনমিটার ৩০ টাকা দরে। গতবছরের ২০ সেপ্টেম্বর বিইআরসির কাছে মোবাইল সিএনজি স্টেশন স্থাপনের জন্য আবেদন করে হাজী সরওয়ার সিএনজি ফিলিং স্টেশন। একই বছরের ২৯ ডিসেম্বর লাইসেন্স পায় তারা। চলতি বছরের ২ ফেব্র"য়ারি হাজী সরওয়ার কর্তৃপক্ষের প্রথম দরপ্রস্তাবে বলা হয়, তাদের চট্টগ্রামের সিএনজি স্টেশনে প্রতিদিন যে গ্যাস বরাদ্দ করা হয় তা থেকে ৬০ ভাগ সিলিন্ডারে ভরে ট্রেইলারের মাধ্যমে কক্সবাজার স্টেশনে সরবরাহ করবে তারা। এর মধ্যে চট্টগ্রামের বিক্রয় কেন্দ্রকে 'মাদার স্টেশন' এবং কক্সবাজারেরটিকে 'ডটার স্টেশন' হিসেবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। চট্টগ্রাম সিএনজি স্টেশনের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে মাসে ২ কোটি ৪২ লাখ ৯৪৪ ঘনমিটার গ্যাস পায় প্রতিষ্ঠানটি। শুনানিতে অংশ নিয়ে কক্সবাজার মোবাইল সিএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, "পর্যটন এলাকায় কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাচ্ছেন। এদের অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণে যান। সেখানে যেতে হলে তাদের জ্বালানি তেলের ওপর নির্ভর করতে হয়। সে বিষয়টি বিবেচনা করেই আমরা এ উদ্যোগ নিয়েছি।" প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী হাজী সরওয়ার বলেন, "কক্সবাজারে নির্মাণাধীন সিএনজি স্টেশনের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। আশা করি, এর মধ্যেই বিইআরসি ওই স্টেশন থেকে গ্যাস বিক্রির দাম নির্ধারণ করে দেবে।" কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম বলেন, "গ্যাস জনগণের সম্পদ। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এমন দামে সিএনজি বিক্রি করতে হবে। "সেই দাম যাতে যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত হয়- সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি কমিশনের কাছে।" বিইআরসির সদস্য মো. ইমাদাদুল হক এবং সেলিম মাহমুদও গণশুনানিতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০২০ ঘ.