ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আজহায় ভোজ্য তেল ও চিনিসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "দ্রব্যমূল্য নিয়ে সব দেশেই কিছুটা সমস্যা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কিছুটা কমেছে। যার প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে। চিনির দাম এর মধ্যেই কমেছে, ভবিষ্যতে আরো কমবে।"
ঈদকে সামনে রেখে সরকার নিবিড়ভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, দেশের বর্তমানে চিনি ও ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঈদকে সামনে রেখে আরো কাঁচামাল আমদানি করা হচ্ছে। যা ঈদের আগেই পরিশোধন করে বাজারে আসবে।
"ফলে ঈদের আগে ভোজ্য তেল ও চিনির মূল্য নিয়ন্ত্রণেই থাকবে," বলেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24