২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিকে ৩০৩৪ কোটি টাকা দিতে বললো বিটিআরসি

গ্রামীণফোনকে তিন হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনকে তিন হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে বিটিআরসির পাওনা দুই হাজার একশ ৪৬ কোটি টাকা এবং এনবিআরের পাওনা আটশ ৮৭ কোটি টাকা। এ দুই পাওনার ব্যাপারে গ্রামীণফোনকে (জিপি) সোমবার দুপুরে একটি চিঠি দিয়েছে বিটিআরসি। বিটিআরসির পাওনা আগামী ২১ দিনের মধ্যে এবং এনবিআরের টাকা 'নির্দিষ্ট সময়ে' দিতে বলা হয়েছে চিঠিতে। বিটিআরসি'র চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অডিট করে দেখেছি সরকার গ্রামীণফোনের কাছে তিন হাজার ৩৪ কোটি টাকা পায়।" গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুর ৩টায় বিটিআরসি'র পক্ষ থেকে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়ার জন্য একটি ফ্যাক্স পাঠিয়েছে। এটি কোনো জরিমানা আদায়ের পত্র নয়।" বিটিআরসি'র পক্ষ থেকে নিরীক্ষা করার পর পাঠানো এ চিঠি প্রসঙ্গে মনিরুল বলেন, "বিটিআরসি'র সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল আউট গোয়িং কল ও অন্যান্য বিষয়ে লভ্যাংশ ভাগাভাগির নানা পাওনা থাকে। এসব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ চিঠি দেওয়া হয়েছে।" টেলিকম সেক্টর একটি টেকনিক্যাল বিষয় তাই হয়তো অডিট কোম্পানি অনেক কিছু না বুঝেই অডিট করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "কিছুদিনের মধ্যে গ্রামীণ ফোনের পক্ষ থেকে বিটিআরসিকে অবহিত করা হবে।" চিঠিতে উল্লেখ করা হয়, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণ ফোনের মোট আয় ৩৮ হাজার নয়শ ৮৪ কোটি টাকা, এ আয়ের ভিত্তিতে বিটিআরসি'র পাওনা দুই হাজার পাঁচশ ৪৪ কোটি টাকা। "কিন্তু বিটিআরসি'র একটি নিরীক্ষায় দেখা গেছে গ্রামীণফোন এর মধ্যে এক হাজার ছয়শ ২৭ কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করেছে। বাকি নয়শ ১৭ কোটি টাকার ওপর শতকরা ১৫ ভাগ হারে চক্রবৃদ্ধি সুদ হিসেবে মোট সুদ দাঁড়ায় এক হাজার দুশ ২৯ কোটি টাকা এবং সুদ সমেত মোট পাওয়া দাঁড়ায় দুই হাজার একশ ৪৬ কোটি টাকা।" জিপির কাছে এনবিআর সিম ট্যাক্সের শুল্ক বাবদ সাতশ ২০ কোটি টাকা এবং ভ্যাট বাবদ একশ ৬৭ কোটি টাকা পায় বলে নিরীক্ষায় উঠে আসে। জিপিকে মোট আটশ ৮৭ কোটি টাকা এনবিআরকে পরিশোধ করার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচএ/পিডি/২২২৯ ঘ.