২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ

অভিবাসন ব্যয় প্রবাসী কর্মীদের দুই মাসের আয়ের সমপর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসন ব্যয় প্রবাসী কর্মীদের দুই মাসের আয়ের সমপর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। রাজধানীর হোটেল রূপসী বাংলায় সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশী জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, জনশক্তি গ্রহণকারী দেশগুলোতে কোনো ব্যয় না থাকলে অভিবাসন ব্যয় সরকারের প্রত্যাশিত ব্যয়ের চেয়েও কম করা সম্ভব হবে। সুইজারল্যান্ড ও বাংলাদেশ যৌথভাবে 'অভিবাসন ব্যয় কমানো এবং জনশক্তি রপ্তানিকারক ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় নির্ধারণ' বিষয়ক এ কর্মশালার আয়োজন করেছে। এতে জনশক্তি রপ্তানিকারী 'কলম্বো প্রসেস'ভুক্ত ১১টিসহ ২৭টি দেশ ও ১৭টি আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থা আইওএম, আইএলও, ইউএনএইচসিআর, এডিবি ও ওয়ার্ল্ড ব্যাংক এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডব্লিউএআরবিই, বিএমডিএফ, ব্র্যাক, সিএআরএএম এশিয়া, আইএমএ ফাউন্ডেশন, রামরু, বায়রা ও জিএফএমডি সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন। খন্দকার মোশাররফ বলেন, "অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে আমরা কিছু দেশে জনশক্তি রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছি। কয়েকটি দেশ শ্রমিক নেওয়াই বন্ধ করে দিয়েছে। কারণ অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশী কর্মীরা ওইসব দেশে গিয়ে অবৈধ হয়ে পড়ছে।" তিনি বলেন, বাংলাদেশের একার পক্ষে অভিবাসন ব্যয় কমিয়ে আনা সম্ভব নয়। এজন্য জনশক্তি নেওয়া ও পাঠানো সব দেশের মধ্যে সমঝোতা প্রয়োজন। তবে আগামী ডিসেম্বরে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিবাসন ব্যয় কমিয়ে আনা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, আমাদের কর্মীরা মাত্র দুই বছরের চুক্তিতে বিদেশে কাজ নিয়ে যায়। তাদের ব্যয়ের অর্থ তুলতে যদি দুই বছর বা আরো বেশি সময় লাগে, তবে তারা অবৈধ হবেই। এজন্যই সরকার এ ব্যয় ন্যুনতম পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলেন, সরকার আগামী ছয় মাসের মধ্যেই অভিবাসন আইন সংশোধন করতে যাচ্ছে। এজন্য তৈরী করা আইনের খসড়াটির ওপর বর্তমানে মতামত নেওয়া হচ্ছে। মতামত নেওয়া শেষে শিগগিরই আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জিএফএমডি সুইজারল্যান্ডের চেয়ার ডেরেক মুলার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩২১ ঘ.