২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ কোটি ডলার দিতে যাচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের বার্ষিক সভা থেকে ফিরে এ সংস্থা থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার আশার কথা জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের বার্ষিক সভা থেকে ফিরে এ সংস্থা থেকে ১০০ কোটি ডলার ঋণ পাওয়ার আশার কথা জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সোমবার সকালে বিমানবন্দরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০০ কোটি ডলারের একটি ইসিএফ (বর্ধিত ঋণসুবিধা) নিয়ে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ ঋণ পাওয়া যাবে বলে আশা করছি। আইএমএফের ইসিএফ ঋণের শর্ত না থাকায় এটিকে 'ভালো ঋণ' বলে উল্লেখ করেন গভর্নর। কোনো দেশের লেনদেনে ভারসাম্যহীনতা দেখা দিলে ইসিএফ পাওয়া যায়। এ ঋণ দেশের লেনদেনে ভারসাম্য ঠিক করতে সহায়তা করবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান রিজার্ভ ১ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। এতে আমদানি ব্যয় মেটানো দুস্কর হয়ে পড়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এটা লেনদেনের ভারসাম্যহীনতা প্রকাশ করছে। তবে আইএমএফ বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে বলে গভর্নর জানান। তিনি বলেন, "বিশেষ করে ২৮ শতাংশের বেশি রাজস্ব আদায়কে ইতিবাচক বলে মনে করছে তারা।" "আইএমএফ বলেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট চললেও বাংলাদেশ বেশ ভালো করছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।" ২০১১ সালের স্ট্যার্ন্ডার্ড অ্যান্ড পুুওরস এবং মুডি'স রেটিংয়ে বাংলাদেশ আরো ভালো করারও প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। গভর্নর বলেন, স¤প্রতি ঢাকা সফর করে যাওয়া আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক কথা বলেছে। রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ এবং এ খাতের আরো সংস্কারের পদক্ষেপও আইএমএফের প্রশংসা কুড়িয়েছে বলে জানান আতিউর। ওয়াশিংটনে আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংকের বার্ষিক সভায়ও অংশ নেন গভর্নর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ সচিব মোহাম্মদ তারেকও দুটি সংস্থার বৈঠকে যোগ দেন। যুক্তরাষ্ট্র সফরকালে নিউইর্য়কে প্রবাসী বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে বিনিয়োগ বিষয়ক সেমিনারে বক্তব্য দেন অর্থমন্ত্রী। সেখানে তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে আতিউর বলেন, "প্রবাসীদের হাতে প্রচুর টাকা আছে। কিন্তু তারা সেই টাকা বিনিয়োগ করতে পারছে না। কেননা যুুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অবস্থা এখন খুব একটা ভালো না। সে কারণে আমাদের প্রবাসী ব্যবসায়ীরা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। আমি তাদের আমাদের বিভিন্ন বন্ডে বিনিয়োগ করার অনুরোধ জানিয়েছি।" যুক্তরাষ্ট্রে বন্ডে বিনিয়োগ করলে ১ থেকে ২ শতাংশ সুদ পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, "আমি তাদের বলেছি বাংলাদেশ যে কোনো বন্ডে বিনিয়োগ করলে ৬ শতাংশের বেশি সুদ পাওয়া যায়।" সফরকালে গভর্নর সোনালী ব্যাংক এক্সচেঞ্জ লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক এক্সচেঞ্জ লিমিটেড পরিদর্শন এবং দুই ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানেও বক্তব্য দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এএল/১৫৪৮ ঘ.