ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর) এম এ কাদের সরকার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনো যারা আয়কর বিবরণী দেননি- তারা ১৬ অক্টোবর পর্যন্ত তা জমা দিতে পারবেন।"
তিনি বলেন, "এবার আমরা ভালো সাড়া পেয়েছি। তারপরও অনেকেই বিবরণী জমা দিতে পারেননি বলে জানিয়েছেন। তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই সময় বাড়ানো হয়েছে।"
প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও এবার শেষ দিন শুক্রবার হওয়ায় রোববারও বিবরণী জমা নেওয়া হয়। গত বুধবার এ ব্যাপারে ঘোষণা দেয় এনবিআর। তখন বলা হয়েছিল, সময় আর বাড়ানো হবে না।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদ বলেছিলেন, এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর বিবরণী জমা দিতে হবে।
তবে প্রতিবছরের মতো এবারও আয়কর বিবরণী দাখিলের সময় বাড়াতে ব্যবসায়ী মহল থেকে দাবি জানানো হয়। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান জানায়।
রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতার সংখ্যা ৯ লাখ।
২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
কাদের সরকার জানান, প্রাথমিক হিসাবে রোববার পর্যন্ত নয় লাখ রিটার্ন জমা পড়েছে। আর এ থেকে সরকার কর (ট্যাক্স) পেয়েছে এক হাজার কোটি টাকার বেশি।
গতবছর আট লাখ রিটার্ন জমা পড়েছিল। সরকার মোট রাজস্ব পেয়েছিল ৮৯৮ কোটি টাকা। রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল সাত দিন।
আগামী বছর আয়কর বিবরণী দেওয়ার প্রক্রিয়া আরো সহজ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২০০ ঘ.
bdnews24