ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের উন্নয়নে সহায়তা দুই কেটি ডলার বাড়িয়ে ১৮ কোটি ডলার করেছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ও ইউএসএইডের বাংলাদেশ মিশনের প্রধান রিচার্ড গ্রিন রোববার এ ঘোষণা দেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় উন্নয়নে যে অগ্রগতি দেখা গেছে সে অনুযায়ী দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মানুষকে সহযোগিতা অব্যাহত রাখতে এ সহায়তা দেওয়া হবে।
নিকোলাস ডিন বলেন, "দারিদ্র্য দূরীকরণ ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্র"তিকে জোরালো করবে এই উন্নয়ন সহায়তা বৃদ্ধি।"
বাংলাদেশে পাঁচটি খাতে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় এ অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। খাতগুলো হলো- গণতন্ত্র ও সুশাসন, খাদ্য নিরাপত্তা, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ এবং মানবিক ত্রাণ সহায়তা ও খাদ্য সহায়তা।
গণতন্ত্র ও সুশাসনের ক্ষেত্রে প্রায় এক কোটি ৩০ লাখ ডলার ব্যয় করবে ইউএসএইড। এক্ষেত্রে গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি, সুশাসনের জন্য প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং সহনশীলতার অভ্যাস গড়ে তুলতে সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে ব্যয় করা হবে প্রায় ছয় কোটি ১০ লাখ ডলার।
খাদ্য নিরাপত্তায় সহায়তার অংশ হিসেবে ইউএসএইড বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, মাথাপিছু আয় বৃদ্ধি এবং মাতৃ ও শিশু পুষ্টির মানোন্নয়নে প্রায় সাড়ে চার কোটি ডলার সহায়তা দেবে।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ কর্মসূচির আওতায় ইউএসএইড এক কোটি ৭০ লাখ ডলারের বেশি সহায়তা দেবে। এক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণী বৈচিত্র্য রক্ষায় এ অর্থ ব্যয় করা হবে।
বাংলাদেশে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় চার কোটি ২০ লাখ ডলার দেবে ইউএসএইড। এর আওতায় খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতকরণ, দরিদ্রদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং দুর্দশাগ্রস্তদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানে অর্থ ব্যয় করা হবে।
১৯৭১ সালের পর থেকে বাংলাদেশকে পাঁচশ' ৮০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
২০১২ সালে একটি সংস্থা হিসেবে সুবর্ণ জয়ন্তী (প্রতিষ্ঠার ৫০ বছর) পালন করবে ইউএসএইড।
বিশ্বব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার উদ্দেশ্যে ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএইড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮৪০ ঘ.
bdnews24