২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিন বাড়ার পর পুঁজিবাজারে সূচক পতন

টানা পাঁচদিন ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচদিন ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮৮ দশমিক ৩৮ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ কমে ৭৪৮৪ দশমিক ২২ পয়েন্ট হয়। অবশ্য এ বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। মোট ১ হাজার ৭৭ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে এদিন। হাত বদল হওয়া ২৫৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির এবং দুটির দাম অপরিবর্তিত ছিলো। যেসব কম্পানির শেয়ারের দাম কমেছে- তার মধ্যে বেশিরভাগই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট, জ্বালানি, বীমা ও মিউচুয়াল ফান্ড। লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর মূল্যসূচক ২০ পয়েন্ট বাড়ে। কিন্তু পরের ২০ মিনিটে তা ৫০ পয়েন্ট নেমে আসে। মাঝবেলা পর্যন্ত সূচকের এই ওঠানামা চলে। তবে শেষ পর্যন্ত সূচকে আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়েই লেনদেন শেষ হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক পড়ার সঙ্গে সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। এ বাজারে মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে ১৩৮৭৩ দশমিক ০১ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হওয়া ১৯৯টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৩০টির এবং বাকি পাঁচটির দাম অপরিবর্তিত ছিলো। সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য ১৩০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/এএএম/এএল/জেকে/১৬৪৫ ঘ.