২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি সদস্য মনসুরের নিয়োগ বাতিল

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পদত্যাগী সদস্য মনসুর আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পদত্যাগী সদস্য মনসুর আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এ আদেশ জারি করার ১৮ দিন আগে পদত্যাগপত্র দিয়েছিলেন মনসুর। পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার পেছনে মনসুরের কয়েকটি সিদ্ধান্ত দায়ী বলে অনেকে মনে করেন। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, সম্প্রতি এসইসি চেয়ারম্যান দেশের বাইরে থাকা অবস্থায় দায়িত্বপালনরত মনসুর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঋণসীমা বাড়ানো এবং নীতিমালায় কিছু পরিবর্তন আনেন। যা বাজারে দরপতন ত্বরান্বিত করে। মনসুরের নিয়োগ বাতিলের আদেশটি ১১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় জানায়। গত ১২ জানুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তিনি গত বছরের জুন মাসে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। মনসুরের নিয়োগ বাতিল হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। তার চুক্তির মেয়াদ বৃদ্ধির আদেশ আগামী ২৩ মার্চ থেকে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। অতিরিক্ত সচিবের মর্যাদায় তিনি ওই পদে চুক্তিতে রয়েছেন। বিডিনিউজ টোয়েটিন্টফোর ডটকম/এমকে/এমআই/১৫২৫ ঘ.