ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ব্যবস্থায় তদারকি জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক সংযত নীতির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়- সে জন্য নীতিগত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ব্যাংক পিছ পা হবে না।"
"ব্যাংকিং ব্যবস্থায় মনিটরিং জোরদার করতে সংযত কেন্দ্রীয় ব্যাংকিং নীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে," যোগ করেন তিনি।
অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় গভর্নর সাংবাদিকদের জানান, আগামী দুই প্রান্তিকের মুদ্রানীতি রোববারই ঘোষণা করা হবে।
এর আগে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি জানান, দেশের ব্যাংক খাতের মূলধন মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রায় সাড়ে চার শতাংশ।
"ফাইনান্সিয়াল ইনক্লুশন মতবাদের আওতায় পল্লীভিত্তিক কৃষিনির্ভর অর্থনীতির মোড় ঘোরাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে" জানিয়ে এ ক্ষেত্রে ব্যাংক খাত সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন আতিউর রহমান।
একইসঙ্গে তিনি ব্যাংকগুলোকে তাদের মুনাফার এক থেকে দুই শতাংশ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে (সিএসআর) ব্যয় করার পরামর্শ দেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24