ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলু রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে রপ্তানি ভর্তুকি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
ফারুক খান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "আপনারা আলু রপ্তানি বৃদ্ধি করেন। সরকার প্রয়োজনীয় সহায়তা আপনাদের দেবে।"
"কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আপনারা রপ্তানির ওপর ২০ শতাংশ প্রণোদনা পাবেন। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্টরা বসে সিদ্ধান্ত নেবে", বলেন তিনি।
ওদিকে সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছর নির্ধারিত ৮৪ লাখ মেট্টিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৯০ লাখ মেট্টিক টন আলু উৎপাদিত হয়। এ বছরও লক্ষ্যমাত্রা ৮৪ লাখ মেট্টিক টন হলেও উৎপাদন এক কোটি মেট্টিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া আলু সংরক্ষণের জন্য দেশের হিমাগারগুলোর ধারণ ক্ষমতা আগের চেয়ে ১০ লাখ মেট্টিক টন বেড়ে ৩৬ লাখ মেট্টিক টনে উন্নীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত অর্থবছরে সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলারের আলুু রপ্তানি করা হয়েছে। প্রধানত মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ব্র"নাইয়ে এসব দেশে আলু রপ্তানি করা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউরোপে বাংলাদেশের আলুর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানানো হয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/আরএ/২১১৩ ঘ.
bdnews24