২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ বর্জনের হুমকি সরকার সমর্থক আইনজীবীদের

প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে তার এজলাসের সামনে করা কর্মসূচির জন্য ক্ষমা না চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা বর্জনের ঘোষণা দিয়েছে সরকার সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে তার এজলাসের সামনে করা কর্মসূচির জন্য ক্ষমা না চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা বর্জনের ঘোষণা দিয়েছে সরকার সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে আয়োজিত জরুরি সাধারণ সভা থেকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ ঘোষণা দেন। ৩ ফেব্র"য়ারি আইনজীবী সমিতি, ১০ ফেব্র"য়ারি সমিতির সভাপতি এবং ১৭ ফেব্র"য়ারি সম্পাদকের ভোজসভা হওয়ার কথা। এসব ভোজে অংশ না নিতে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রতিও আহ্বান জানিয়েছেন সরকার সমর্থক আইনজীবীরা। গত বুধবার আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় বিরোধী দল সমর্থক আইনজীবীদের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার তারা এই সভা করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সভায় অভিযোগ করেন, "যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ভবিষ্যতে আপিল বিভাগে আসতে হবে। সেখানে আইনি লড়াইয়ে টিকতে পারবে না বুঝতে পেরে এখন থেকেই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।" "প্রধান বিচারপতি সম্পর্কে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং আদালতের বারান্দায় কর্মসূচি পালনের জন্য প্রকাশ্যে মিডিয়ার সামনে ক্ষমা প্রার্থনা না করলে আমরা বার্ষিক সভাপতি ও সম্পাদকের ভোজ বর্জন করবো,: যোগ করেন তিনি। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মো. আমীর-উল-ইসলাম বলেন, "আইনি লড়াইয়ে টেকা যাবে না বুঝতে পেরে তারা আজ বেআইনি পথে হাঁটছেন। আমরাও আন্দোলন করেছি। তবে বারান্দায় গিয়ে প্রধান বিচারপতি সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রয়োজন আমাদের হয়নি।" সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুজ্জামান খান হিরুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। দৈনন্দিন কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদ ও বেঞ্চ পুনর্গঠনের দাবিতে বিরোধী দলের সমর্থক আইনজীবীরা বুধবার সমিতির ব্যানারে সভা করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আদালত বর্জনের ঘোষণা দেয়। আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এই সভায় উপস্থিত ছিলেন। ওইদিন বিকালেই সরকার সমর্থক আইনজীবীরা সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন করে বিরোধী দলপন্থীদের কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮২৬ ঘ.