ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং শাখার লেনদেন বন্ধের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, ব্যাংকটির মার্চেন্ট ব্যাংকিং শাখার লেনদেনের ওপর থেকে এই স্থগিতাদেশ ৩০ দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে।
পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মুখে এসইসি গত ২০ জানুয়ারি ছয়টি ব্রোকারেজ হাউজের নিবন্ধন ৩০ দিনের জন্য স্থগিত করে।
এগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা।
এই ছয়টি ব্রোকারেজ হাউজের ওই দিনের লেনদেন তদন্তে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/জেকে/২০১৯ ঘ.
bdnews24