বেনাপোল, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বুধবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
বেনাপোল চেকপোস্টের কার্গো কর্মকর্তা লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। সে দেশে সরকারি ছুটি থাকায় বুধবার সারাদিন ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল ও এর বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় কয়েক'শ পন্যবাহী ট্রাক আটকা পড়েছে। যার অধিকাংশই পচনশীল পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় পণ্য। এছাড়া রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামালও রয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে যাত্রী পারাপার এবং বেনাপোল বন্দরে পণ্য তোলা ও খালাসের কাজকর্ম স্বাভাবিক ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24