২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি ১০% রাখার দাবি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশের বেশি না বাড়ানোর দাবি জানিয়েছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশের বেশি না বাড়ানোর দাবি জানিয়েছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার ক্যাবের জ্বালানি খাত বিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, "২০০৮ সালের ১ অক্টোবর প্রতি কিলোওয়াট-পার ঘণ্টা বিদ্যুতের পাইকারি দাম ১৬ শতাংশ এবং ২০০৯ সালে গ্রাহক পর্যায়ে ছয় থেকে সাত শতাংশ দাম বাড়ানো হয়।" এবারও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আগের মতো একই হারে বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, "দাম বাড়ানোর হার যেন ১০ শতাংশের ওপরে না যায়।" গত ১ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আগামী তিন বছর প্রতি ছয় মাসের ব্যবধানে সাড়ে ১২ শতাংশ হারে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো)। বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন গত ১৯ জানুয়ারি সাংবাদিকদের জানান, ১৫ ফেব্র"য়ারির মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। সেইসঙ্গে গ্রাহক পর্যায়েও দাম বাড়ানো হবে বলে জানান বিইআরসি কর্মকর্তারা। বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানো নিয়ে বিইআরসিতে এক গণশুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়। শামসুল আলম মঙ্গলবার বলেন, "বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তবে তা যেন ন্যায়সঙ্গত ও যৌক্তিক হয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আগে আবারো যেন গণশুনানি করা হয়।" গ্রাহক পর্যায়ে সহনীয় দামে বিদ্যুত সরবরাহের জন্য উৎপাদন ব্যয় যাতে কম হয় সে ধরনের নীতি ও পরিকল্পনার দাবি জানিয়ে তিনি বলেন, "বিদ্যুৎ খাতের উন্নয়নে গ্যাস উন্নয়ন তহবিলের মতো বিদ্যুৎ উন্নয়ন তহবিল গঠন করা প্রয়োজন।" সর্বশেষ ২০০৮ সালে প্রতি কিলোওয়াট-পার ঘণ্টা বিদ্যুতের পাইকারি দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ০৪ টাকা থেকে ২ দশমিক ৩৭ টাকা নির্ধারণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেবি/পিডি/১৮২১ ঘ.