২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

মালয়েশিয়া ও ফিলিপাইন থেকে ১২ লাখ ৯০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়া ও ফিলিপাইন থেকে ১২ লাখ ৯০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, এতে ব্যয় ধরা হয়েছে, তিন হাজার ৫৪০ কোটি টাকা। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে ৩০ হাজার টন বাসমতি চাল আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে। যুগ্ম সচিব জানান, ১২ লাখ ৯০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে তিন হাজার ৩৬ কোটি ৬৪ লাখ টাকায় মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং করপোরেশন থেকে কেনা হবে ১০ লাখ ৮০ হাজার টন তেল। এর মধ্যে রয়েছে, ৮ লাখ ২০ হাজার টন গ্যাস অয়েল, ১ লাখ ২০ হাজার টন কেরোসিন, ১ লাখ ২০ হাজার টন জেট 'এ ওয়ান' অয়েল এবং ২০ হাজার টন মোগ্যাস অয়েল। ফিলিপাইন থেকে আমদানি করা হবে ২ লাখ ১০ হাজার টন তেল। এর মধ্যে এক লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল, ২০ হাজার টন কেরোসিন এবং ১০ হাজার টন মোগ্যাস অয়েল রয়েছে। জানুয়ারি-জুন সময়ে প্রতি ব্যারেল গ্যাস অয়েল আমদানিতে প্রিমিয়াম অনুমোদন করা হয়েছে তিন দশমিক ১৪ ডলার, কেরোসিন ও জেট এ ওয়ানের জন্য চার দশমিক ১০ ডলার এবং মোগ্যাস অয়েলের জন্য সাত দশমিক শূন্য ৫ ডলার। নুরুল করিম জানান, ৩০ হাজার টন বাসমতি চাল আমদানির করবে এলএমজে ইন্টারন্যাশনাল। এতে খরচ হবে ১১২ কোটি ২৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২২৪২ ঘ.