ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমাগত দরপতনের মুখে লাখ লাখ বিনিয়োগকারী পথে বসার পর সরকার যখন তদন্তের ঘোষণা দিল, তখন স্টক এক্সচেঞ্জে সরকারি তালিকাভুক্তির (ডিরেক্ট লিস্টিং) নিয়মকেও এই অস্থিরতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সরকারের মন্ত্রী এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাও এখন স্বীকার করছে যে, তাঁতিয়ে থাকা বাজারে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে অতিমূল্যায়িত কিছু শেয়ার ছাড়ার অনুমতি দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিলো।
খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার বলেছেন, "পুঁজিবাজার পরিচালনায় নিশ্চয়ই এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ) কর্তৃপক্ষের ভুল হয়েছিলো। তা না হলে পরিস্থিতি এ রকম হতো না।"
"ভুল আমারও হয়েছে," যোগ করেন তিনি।
এ পর্যন্ত ১০টি কোম্পানি পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুবিধা ভোগ করেছে।
এর মধ্যে পাঁচটি সরকারি ও দুটি বেসরকারি কোম্পানি মিলিয়ে মোট সাতটি প্রতিষ্ঠান ২০০৬ থেকে ২০০৮ এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সরকারি পাঁচটি কোম্পানি হলো- ডেসকো, পাওয়ারগ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ও তিতাস গ্যাস। বেসরকারি কোম্পানি দুটি হলো শাইনপুকুর সিরামিকস ও এসিআই ফরমুলেশন।
এরপর অষ্টম যে কোম্পানি সরাসরি তালিকাভুক্তির সুবিধা পেয়েছে- অযৌক্তিক আচরণের নজির গড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অভিহিত মূল্যের চেয়ে ২০ গুণ বেশি দাম আদায় করেছে তারা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দুই বছরে তিনটি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া হয়। এর মধ্যে প্রথমটি- নাভানা সিএনজি বাজারে আসে ২০০৯ সালে। তালিকাভুক্তির সময় ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার তারা বিক্রি করে গড়ে ২০০ টাকা করে। এতে তাদের পি ই রেশিও (প্রতি শেয়ারের বিপরীতে আয়ের অনুপাত) দাঁড়ায় ৫০।
এভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৬৩ কোটি টাকা তুলে নেয় নাভানা সিএনজি।
এ কোম্পানির শেয়ারের অতি উচ্চমূল্য এবং এর পরিপ্রেক্ষিতে কম্পানির অযৌক্তিক রকমের বেশি পি ই রেশিও নিয়ে তাৎক্ষণিকভাবে সংসদীয় কমিটি, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
তীব্র সমালোচনার মুখে সরাসরি তালিকাভুক্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য হয় এসইসি।
ওই সময় সরাসরি তালিকাভুক্তির জন্য আরো তিনটি প্রতিষ্ঠানের আবেদন এসইসির বিবেচনার অপেক্ষায় ছিলো। প্রতিষ্ঠানগুলো হলো- খুলনা পাওয়ার (কেপিসিএল), ওশান কন্টেইনার লাইন (ওসিএল) ও ওয়েস্টিন হোটেল।
এসইসি পরে নিজের সিদ্ধান্তের উল্টোপথে হেঁটে কেপিসিএল ও ওসিএলকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেয়। এবং সেই সুযোগে বাজার থেকে ১৬ শ' কোটি টাকা তুলে নেয় প্রতিষ্ঠান দুটি। কেবল ওয়েস্টিনের আবেদনটি আটকে থাকে।
নাভানা সিএনজিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার সময়ে ডিএসইর সভাপতি থাকা রকিবুর রহমান বলেন, সামিট গ্র"পের ওই দুই কোম্পানিকে সরাসরি তালিকাভুুক্তির ক্ষেত্রে ডিএসইর কিছুই করার ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নাভানা সিএনজির অভিজ্ঞতার পর আমরা ব্যাক্তি মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে সরাসরি তালিকাভুক্তি নিষিদ্ধ করেছিলাম।"
বরং ডিএসই সেই সময় কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে সরাসরি তালিকাভুক্তির পক্ষে ছিল বলে দাবি করেন সাবেক সভাপতি।
"কারণ সেক্ষেত্রে যে অর্থ বাজার থেকে তুলে নেওয়া হবে- প্রকারান্তরে তা জনগণ বা সরকারের হাতেই থাকবে। কিন্তু ব্যাক্তি মালিকানাধীন কোম্পানি সরাসরি তালিকাভুক্তির সুযোগ পেলে পুরো টাকা পরিচালকদের পকেটে যায়," ব্যখ্যা করেন তিনি।
অবশ্য বাণিজ্যমন্ত্রী এম ফারুক খানের ছোট ভাই, সামিট গ্র"পের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান মনে করেন না যে, সরাসরি তালিকাভুক্তির সময় তার কোম্পানির শেয়ারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিলো- তা ছিলো অতিরিক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি মনে করি না সেগুলো অতিমূল্যায়িত ছিল।"
গত এক বছরে কেপিসিএল ১৫০ শতাংশ হারে বেড়েছে বলেও দাবি করেন তিনি।
অবশ্য ওসিএল সম্পর্কে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সোমবার যখন আজিজ খানের সঙ্গে যোগাযোগ করেন, তখন তিনি এ বিষয়ে কথা বলতে 'প্রস্তুত' ছিলেন না।
তিনি দাবি করেন, বৃহস্পতিবার বাজারে ব্যাপক দরপতনের পর যে বিনিয়োগকারীরা ভাবছেন- বেশি দামে শেয়ার কিনে তারা ভুল করেছেন, তাদের কাছ থেকে ওই শেয়ার কেনা দামে ফিরিয়ে নেওয়ার জন্য (বাই ব্যাক) তিনি ওইদিনই এসইসির কাছে 'আবেদন' করেছেন।
তালিকাভুক্তির সময় কেপিসিএল ও ওসিএলের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হয় গড়ে ২২৫ টাকা ও ৩২৫ টাকা। এভাবে এ দুটি কম্পানির পৃষ্ঠপোষকরা বাজার থেকে তুলে নিয়েছে ১৫৬০ কোটি টাকা।
এতে করে কোম্পানি দুটির পিই রেশিও দাঁড়ায় যথাক্রমে ৯৮ ও ৮১, যা নাভানা সিএনজিকেও ছাড়িয়ে যায়। আর এ ঘটনা ঘটে নাভানা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে।
গত ২০ জানুয়ারি- ছয় মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার দিনে কেপিসিএলর শেয়ার সর্বশেষ ৮৫ টাকা, ওসিএল ১০৬ টাকা এবং নাভানা সিএনজির শেয়ার ১৩২ টাকায় বিক্রি হয়।
অর্থাৎ কেপিসিএল ও ওসিএলের শেয়ারের মূল্য তালিকাভুক্তির দিনের তুলনায় দুই তৃতীয়াংশেরও বেশি পড়ে যায়।
এসইসি, ডিএসই ও অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া কেপিসিএল ও ওসিএলের শেয়ার এতোটা অতিমূল্যায়িত দরে বাজারে আসা সম্ভব কি না- তা নিয়ে এখন যে কেউ প্রশ্ন তুলতে পারে।
সরাসরি তালিকাভুক্তি বন্ধের ঘোষণা দেওয়ার পরও তা থেকে সরে এসে এসব কেম্পানিকে এভাবে বাজারে আসতে দিয়ে বিনিয়োগকারীদের বিপদে ফেলার পেছনে কারা দায়ী- একমাত্র স্বাধীন তদন্তেই তা বেরিয়ে আসতে পারে।
কিছু শেয়ারের দাম নিয়ে কারসাজির ক্ষেত্রে ব্রোকারেজ হাউজ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে এসইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলেও অভিযোগ উঠেছে।
এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ্ উদ্দিন আহমেদ রোববার খোলাখুলিভাবেই এসইসির সমালোচনা করেছেন।
এমন উদাহরণও রয়েছে- নির্দেশনা দেওয়ার কয়েক দিন, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই তা আবার উল্টে ফেলেছে এসইসি।
এসইসির ওইসব নির্দেশনার ঠিক আগে এবং পরে কারা সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কিনেছে বা বিক্রি করেছে- তাও তদন্ত করা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/জিএনএ/জেবি/এমআই/জেকে/১৭ ৪৭ ঘ.
bdnews24