২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি চেয়ারম্যানকে আদালতের তিরস্কার

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারকে তিরস্কার করে আদালত বলেছে, অন্য দেশ হলে তার পদে থাকা ব্যক্তি পদত্যাগ করতেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারকে তিরস্কার করে আদালত বলেছে, অন্য দেশ হলে তার পদে থাকা ব্যক্তি পদত্যাগ করতেন। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ তাকে তিরস্কার করেন। ছয়টি ব্রোকারেজ হাউসের নিবন্ধন স্থগিতের আদেশে সরকারি প্রতীক ব্যবহারের কারণে তাকে তিরস্কার করা হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে ছয়টি ব্রোকারেজ হাউজের নিবন্ধন স্থগিতের আদেশে রাষ্ট্রীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সংশোধন করার নির্দেশ দিয়েছে আদালত। তা না হলে বিষয়টি 'ফৌজদারি অপরাধ' গণ্য করে আইজিপির কাছে পাঠানো হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। পুঁজিবাজরে ব্যাপক দরপতনের পর কারসাজির ওঠায় এসইসি কর্তৃপক্ষ গত বুধবার ওই ছয় ব্রোকারেজ হাউজের নিবন্ধন ৩০ দিনের জন্য স্থগিত করে। প্রতিষ্ঠানগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা। এছাড়া ওই ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের এক মাস শেয়ারসংক্রান্ত যে কোনো কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত দেয় কমিশন। নিবন্ধন স্থগিতের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা একটি করে রিট করে। এ ছাড়া ৩০ দিনের জন্য প্রধান নির্বাহীকে শেয়ার সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আল আরাফাহ ব্যাংকের পক্ষ থেকে আরেকটি রিট আবেদন করা হয়। আল আরাফাহ ব্যাংকের পক্ষে রোকন উদ্দিন মাহমুদ এবং অন্য চার ব্রোকারেজ হাউজের পক্ষে ড. এম জহির শুনানি করেন। এসইসির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় আদালত এসইসি চেয়ারম্যান সম্পর্কে পর্যবেক্ষণে বলে, গত দুই-তিন সপ্তাহে শেয়ারবাজার নিয়ে দেশে যে টালমাটাল অবস্থা চলছে- অন্য কোনো দেশ হলে এর প্রধান পদত্যাগ করতেন। এটা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যিনি বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি সংস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, তিনি কী করে এ পরিস্থিতি সামলাবেন! এটা তো একটা কমনসেন্সের ব্যাপার। দীর্ঘদিনের অভিজ্ঞতার পরও তিনি কমনসেন্স অর্জন করতে পারেননি। একটি সুনির্দিষ্ট সরকার ক্ষমতায় আসার পর কেন বারবার শেয়ার বাজারে ধস নামে- প্রশ্ন রেখে আদালত জানতে চায়, ৯৬-এর শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে এসইসি চেয়ারম্যান কোনো ব্যবস্থা নিয়েছেন কি না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সাক্ষীরা না আসায় ওই ঘটনায় দায়ের করা মামলার নিষ্পত্তি করা যায়নি। সরকারি প্রতীক ব্যবহারের ব্যাখ্যা দিতে জিয়াউল হক খন্দকারকে দুপুরেই তলব করে হাইকোর্ট। নির্দেশ মেনে বেলা ৩টায় তিনি হাইকোর্টে হাজির হন। শুনানিতে ড. এম জহির বলেন, কম্পিউটারের এ যুগে বাজার কারসাজি করা যায় না। এখানে ব্রোকারেজ হাউজগুলো মক্কেলের নির্দেশ মানতে বাধ্য। তাই এসইসির সিদ্ধান্ত সঠিক নয়। রোকন উদ্দিন মাহমুদ বলেন, কারণ দর্শানোর নোটিশ না দিয়ে নিবন্ধন স্থগিত করায় তা বিধিসম্মত হয়নি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারিতে অনেক বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়ে গেছেন। এ পরিস্থিতিতে সরকার বা এসইসি কর্তৃপক্ষ চুপ করে বসে থাকতে পারে না। আদালতকে তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে যথাযথ আইন মেনে ছয় ব্রোকারেজ হাউজের নিবন্ধন স্থগিত করা হয়েছে। স্থগিতের পর মার্কেট বন্ধ থাকায় নিয়ম অনুযায়ী তারা সংক্ষুব্ধ হয়ে আদালতে আসতে পারে না। শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/এএল/জেকে/২২১৯ ঘ.