ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মঙ্গলবার আবার লেনদেন শুরু হবে। সূচকে আরোপ করা সার্কিট ব্রেকার প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনাবলী তদন্তে একটি কমিটি করা হচ্ছে।
বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্থগিত করা হয়েছে মোবিল-যমুনা ও এম আই সিমেন্টের আইপিও। প্রবর্তন করা হবে 'বাই ব্যাক' নীতিমালা।
টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে রোববার দুই দফা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "মঙ্গলবার থেকে বাজার খুলে দেওয়া হবে। আশা করি, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।"
বাজারের সাম্প্রতিক সংকটের পেছনে মার্চেন্ট ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী- সবারই দায় আছে উল্লেখ করে তিনি বলেছেন, "বাজার নতুন করে সাজাতে হবে।"
পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার ব্যাপারে ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি করা হবে জানিয়ে তিনি বলেন, "মার্কেটের ওভার-অল পি ই রেশিও ২৩। আর সূচক ৬ হাজার তিনশর লেভেলে। আমার মনে হয় না এটা খুব বেশি। বাজারের ফান্ডামেন্টাল ভাল। প্রতিবেশী দেশগুলোর বাজারে ফান্ডামেন্টাল এ রকমই।"
তাহলে দেশের বাজারকে ঝুঁকিমুক্ত বলা যাবে কি না- জানতে চাইলে তিনি বলেন, "মার্কেট ঝুঁকিপূর্ণ আছে। তবে ২৩ পিই রেশিও সহনীয়।"
তিনি বলেন, "মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে কথা হয়েছে। পরশু (মঙ্গলবার) বাজার খোলার পর তারা অ্যাকটিভ থাকবে বলে আশা করছি।"
পুঁজিবাজার থেকে 'সামান্য টাকা' বাইরে বেরিয়ে গেছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "মার্কেট থেকে টাকা অন্যত্র চলে যাচ্ছে- এসব বাজে কথা। সামান্য কিছু টাকা বাইরে গেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মুনাফার বিষয়ে তিনি বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো যে মুনাফা করেছে তার একটি অংশ আবার বিনিয়োগ করতে হবে।"
ব্যাংকগুলোর সীমা অতিক্রম করে শেয়ার বাজারে বিনিয়োগ করছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এ নিয়ে বাংলাদেশ ব্যাংক অ্যাকটিভ হয়েছিল। এখন তারা নমনীয় হয়েছে।"
তদন্ত কমিটি 'বাজারের অস্থিরতার সব বিষয়' খতিয়ে দেখবে বলে জানান তিনি।
এর আগে যেসব প্রতিষ্ঠান বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে এসেছে, তাদের বিষয়েও তদন্ত করা হবে কি না জানতে চাইলে মুহিত বলেন, "তদন্ত কমিটি সব বিষয়ই খুঁজে দেখবে।"
বাজার পরিচালনায় এসইসির ব্যর্থতার অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "আমি মনে করি না- এসইসি ব্যর্থ হয়েছে। ব্যর্থ হলে বাজার থাকতো না।"
বাজারের স্থিতিশীলতার জন্য বাজারকে তার নিজস্ব গতিতেই চলতে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গত ৮ ডিসেম্বর থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন শুরু হয়। ওই দিন থেকে গত ২০ জানুয়ারি পর্যন্ত মূল্যসূচক ২৫৯২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৬৩২৬ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়ায়।
পতন ঠেকাতে এসইসি এই সময়ে বিভিন্ন উদ্যোগ নিলেও কোনোটিই কাজে আসেনি। এই সময়ের মধ্যে এসইসি অন্তত তিনবার মার্জিন লোনের হার বাড়িয়ে পূর্ণনির্ধারণ করেছে। আগের দেওয়া নানা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। সূচকের ওপর বসানো হয়েছে সার্কিট ব্রেকার। এক পর্যায়ে দৈনিক লেনদেনের সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে ২ ঘন্টাও করা হয়।
এরপরও গত বৃহস্পতিবার লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে মূল্যসূচক ৫৮৭ পয়েন্ট পড়ে যায়। সার্কিট ব্রেকারের কারণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় লেনদেন। বাজারের এ পতনে দেশের বিভিন্নস্থানে শুরু হয় বিক্ষোভ ও ভাংচুর।
বাজার সম্পর্কে পরবর্তী করণীয় নির্ধারণে লেনদেন বন্ধ রেখে রোববার সকালে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ডিএসই সভাপতি শাকিল রিজভী ও এফবিসিসিআই সভাপতি একে আজাদ অংশ নেন।
এ বৈঠকে স্টেক হোল্ডারদের দেওয়া প্রস্তাবগুলো নিয়ে বিকেলে অর্থমন্ত্রণালয়ে আবারও বৈঠকে বসে মন্ত্রণালয়, এসইসি ও বাংলাদেশ ব্যাংক।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সকালের বৈঠকে পুঁজিবাজার সম্পর্কে আমরা দু' ধরণের পদক্ষেপ নেওয়ার প্রস্তাব পেয়েছি। একটি মধ্যমেয়াদি ও অন্যটি তাৎক্ষনিক সঙ্কট কাটানোর জন্য।"
তিনি বলেন, "কতগুলো বিধিমালা, আইনকানুন করতে হবে। ১৯১৩ সালের কোম্পানি আইন সাজাতে হবে। বাই ব্যাক পলিসি তৈরি করতে হবে।
"বিভিন্ন দেশে এ পলিসি আছে। কোনো প্রতিষ্ঠান শেয়ার ছাড়ার পর ওই শেয়ার আবার তাদের কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে," বলেন তিনি।
মুহিত বলেন, "বাজারের সা
bdnews24