ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেকের সচিবালয় হচ্ছে ঢাকায়। যা কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে।
শনিবার মিয়ানমারের রাজধানী নে পি তাও -এ বিমসটেক মন্ত্রীদের ত্রয়োদশ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কায় এই সচিবালয় জন্য সে দেশের পক্ষ থেকে জোর তদবির চালানো হলেও শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তাবই জয়ী হয়।
১৯৯৭ সালে আঞ্চলিক এ অর্থনৈতিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকেই এর সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি অমীমাংসিত ছিল।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক ফোরামের (বিমসটেক) সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
নে পি তাও এর সভায় আরো সিদ্ধান্ত হয়, শ্রীলঙ্কাই এ সংস্থার প্রথম মহাসচিব হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "সচিবালয় স্থাপনের জন্য যাবতীয় বিষয়গুলো চূড়ান্ত করতে শিগগিরই ঢাকায় বিমসটেকের যৌথ ওয়ার্কিং গ্র"পের বৈঠক বসবে। চলতি বছরই এ সচিবালয়ের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বলেন, "ঢাকায় স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তটি বাংলাদেশের ওপর বিমসটেক সদস্যদের আস্থারই প্রতিফলন।"
তিনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত ও টানা প্রচারাভিযানের ফলেই এটি সম্ভব হয়েছে; যা বর্তমান সরকারের পররাষ্ট্র নীতির একটি অনন্য সফলতা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জেকে/২২১১ ঘ.
bdnews24