২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিভক্ত বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের একটি পক্ষ দাবি করছেন, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে দেওয়া উচিত নয়। অন্য পক্ষ বলছে এর উল্টোটি। শনিবার রাজধানীতে দুই পক্ষ আলাদা সংবাদ সম্মেলন করে পরস্পরবিরোধী দাবি জানায়। পুঁজিবাজারে ৩৩ লাখ বিনিয়োগকারী রয়েছেন। দুই পক্ষেরই দাবি, তারা বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করছেন। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের মধ্যে আবু হেনা লাবলু বলেন, "আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারে কারসাজি করেছে। আমরা তাদের বাজারে প্রবেশ করতে না দেওয়ার দাবি জানাচ্ছি।" অপরদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জেনারেল ইনভেস্টর্স ফোরামের (বিজিআইএফ) আহ্বায়ক মোর্শেদুর রহমান বলেন, "বাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের বিষয়টি সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।" সেইসঙ্গে রাষ্ট্র পরিচালিত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর জন্য বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত তহবিল দেওয়া উচিত বলেও দাবি করেন তিনি। তবে উভয় পক্ষই ঢাকা স্টক এক্ষচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবারের লেনদেন বাতিলের দাবি জানিয়েছে। ওইদিন লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সাধারণ সূচক ৫৮৭ পয়েন্ট নেমে যায়। সার্কিট ব্রেকার অতিক্রম করায় বন্ধ হয়ে যায় লেনদেন। বিনিয়োগকারী উভয় পক্ষ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার (এসইসি) কাছে শেয়ার ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর 'ফোর্স ও ট্রিগার সেল' নিষিদ্ধ করারও দাবি জানান। এছাড়া বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে সার্কিট ব্রেকার তুলে দেওয়া ও ব্যাংকগুলোর তুলে নেওয়া লাভ বাজারে ফিরিয়ে আনার দাবি জানায়। বাজারের অতিরিক্ত পতন ও অস্বাভাবিক ঊর্ধ্বগতি ঠেকাতে গত বুধবার সাধারণ মূল্য সূচকের ওপর সার্কিট ব্রেকার আরোপ করে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৯৪০ ঘ.