২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ইপিজেড'র ২ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় ২ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুটি পোশাক কারখানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নীলফামারী, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় ২ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুটি পোশাক কারখানা। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ছাঁটাই শ্রমিককে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ইপিজেড'র উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে একশ' জন আহত হয়। এ সময় শ্রমিকরা টানা চার ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪৫ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। গ্রেপ্তার করা হয় ছয় জনকে। এ ঘটনার পর থেকে ইপিজেড এলাকায় র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। নীলফামারী থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।" তিনি জানান, এ ঘটনায় শনিবার সদর থানার উপ-পরিদর্শক একে ফজলুল হক সরকার ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুই হাজার শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- হরিপদ রায়ের ছেলে ভবতোষ রায় (২২), জামাল উদ্দিনের ছেলে আমীর হোসেন (২৫), তছিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৩), ইদ্রিস আলীর ছেলে আশেকুর (২৫), আলাউদ্দিনের ছেলে আব্দুস সালাম (২৫), মোজাফ্ফর হোসেনের ছেলে আফজাল হোসেন (২৬), মৃত অবদ্দি মামুদের ছেলে মোস্তাফিজার রহমান (২০), মৃত তৈবুর রহমানের ছেলে বরকত আলী (২৪), বাদশা আলমের ছেলে ওমর ফারুক (২৪), বাদশা মিয়ার ছেলে শাহিদ আলম (২৪), শাহাজাদা হোসেনের ছেলে আব্দুল খালেক (২৩), মোকলেছের ছেলে আইনুল (২৩), মতিয়ার রহমানের ছেলে আবুল কালাম (২৫), আমিনুল রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২২), মনসুর উদ্দিনের ছেলে আমিনুল (২৫), নজরুল ইসলামের ছেলে মুসা (২২), শরিফুল ইসলামের স্ত্রী আলফা (২০), আজিজার রহমানের ছেলে শাহিনুর (২২), মোস্তাক আলীর ছেলে আবু বক্কর (২৫), আনোয়র হোসেনের ছেলে আজিজুল (২৩), নাসির উদ্দিনের ছেলে আলী হোসেন (২৪), আব্দুস সাত্তারের ছেলে আব্দুল জলিল (২২) ও হযরত আলীর ছেলে আব্দুল ওয়াহেদ (২৬)। ওইদিনের সংঘর্ষের ঘটনায় উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও ডায়াস স্পিনিং কোম্পানি কর্তৃপক্ষ শনিবার এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করেছে। উত্তরা ইপিজেড'র মহাব্যাবস্থাপক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানা দুটি বন্ধ করায় কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। "উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রায় সাড়ে ৩ হাজার ও ডায়াস স্পিনিং কোম্পানিতে কমপক্ষে ২ হাজার শ্রমিক কাজ করে।" তিনি জানান, ইপিজেডে উৎপাদনমুখী আটটি কোম্পানিতে কমপক্ষে ১০ হাজার শ্রমিক কাজ করে। হাফিজুর রহমান অভিযোগ করেন, ইপিজেডে একটি চক্র দীর্ঘদিন ধরে শ্রমিকের ছদ্মবেশে অরাজকতা সৃষ্টি করছে। তারা এই অঞ্চলের বেকার যুবকদের কাজের সুযোগকে নস্যাৎ করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার জেরে শনিবারও ইপিজেডে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮১৫ ঘ.