২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতাএসইসি ও আমার ভুল ছিলো: অর্থমন্ত্রী

পুঁজিবাজার পরিচালনায় এসইসি ও নিজের ভুল থাকার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভুলগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পরিচালনায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও নিজের ভুল থাকার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে ভুলগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কানাডার আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী বেভারলি জে. ওডার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "পুঁজি বাজার পরিচালনায় নিশ্চয়ই এসইসি কর্তৃপক্ষের ভুল হয়েছিলো। তা না হলে পরিস্থিতি এ রকম হতো না। ভুল আমারও হয়েছে।

"ভুলগুলো চিহ্নিত করতে আমরা কাজ করছি। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়াতে আমাদেরকে এটা করতেই হবে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি এক সময় বলেছিলাম, শেয়ার বাজার ওভার হিটেড না। তবে বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে, সেটি সঠিক ছিল না।"

বিনিয়োগকারীদের আস্থাহীনতাকে শেয়ারবাজারের সবচেয়ে বড় সমস্যা হিসাবে চিহ্নিত করে মুহিত বলেন, "বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

শেয়ার বাজারে দামের ওঠানামাকে 'স্বাভাবিক বিষয়' অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, "তবে ধপাস করে উঠানামা হতে পারে না।"

তিনি জানান, আগামী রোববার এসইসি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৯৯৬-এ পুঁজিবাজারে ব্যাপক ধসের ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, "এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর '৯৬ এর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলাম। তবে কেউ সাক্ষ্য দিতে চায় না। এ কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।"

বেশ কিছু সরকারি শেয়ার ছাড়ার পরিকল্পনা থাকলেও গত কয়েক সপ্তাহের অস্থির পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

মুহিত বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হলেই সেগুলো ছাড়া হবে।"

সংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী কানাডার মন্ত্রী ওডার সঙ্গে বৈঠক করেন।

পুঁজিবাজারে পরিস্থিতি সামাল দিতে এসইসি বুধবার মূল্যসূচকে সার্কিট ব্রেকার আরোপ করে। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার লেনদেন শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে সূচক ৫৮৭ পয়েন্ট পড়ে যায়। ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা।

যৌথ সংবাদ সম্মেলনে বেভারলি জে. ওডা জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে কানাডা বাংলাদেশে কাজ করছে।

তিনি বলেন, "এ জন্য ব্রাক শিক্ষা কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, দরিদ্রতম পরিবার এবং দুর্গম অঞ্চলের শিশুদের শিক্ষার জন্য আমরা কাজ করেছি। এ কর্মসূচির দ্বিতীয় ধাপে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।"

ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কানাডার সহযোগিতা ক্ষেত্র আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন ওডা।

তিনি জানান, এই দুই প্রকল্পে ৪ কোটি ডলার বরাদ্দ রয়েছে।

অন্যদর মধ্যে কানাডার হাইকমিশনার এইচ ই রবার্ট ম্যাকডোনাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/জেকে/১৯৩৮ ঘ.