২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসই-তে লেনদেন বন্ধে চট্টগ্রামে বিক্ষোভ

সিএসই-তে লেনদেন বন্ধের পর চট্টগ্রামে বিক্ষুদ্ধ বিনিয়োগকারীরা কয়েক দফা সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ ১০ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএসই-তে লেনদেন বন্ধের পর চট্টগ্রামে বিক্ষুদ্ধ বিনিয়োগকারীরা কয়েক দফা সড়ক অবরোধ করেন। এসময় পুলিশ ১০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বেলা একটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়। এর পাঁচ মিনিটের মধ্যেই সূচকের অস্বাভাবিক পতনের কারণে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এরপরই রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীরা। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন, বিমানবন্দর সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেন। সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে ১৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। বিনিয়োগকারীদের রাস্তা থেকে সরাতে একপর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশের ধাওয়ায় বিনিয়োগকারী ও সড়কে চলাচলকারী পথচারীরা আশপাশের বিভিন্ন ভবন, ব্যাংক, বণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানে আশ্রয় নেন। বেলা দেড়টার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কয়েকটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা দুটি মিছিল বের করেন। মিছিল দুটি সিইসি'র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করেত পুলিশ আবারো লাঠিচার্জ করে। দুপুর দুইটা ১০ মিনিটে কয়েকশ বিনিয়োগকারী বিমানবন্দর সড়কের বাদামতলী মোড়ে আবার সড়ক অবরোধ করেন। পুলিশ আবারো লাঠিচার্জ করলে বিনিয়োগকারীরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। বাদামতলী মোড় থেকে সাত জনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুরের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাইরে দফায় দফায় সড়ক অবরোধ ও পুলিশের লাঠিচার্জ চলার সময় সিএসই কার্যালয়ে বিনিয়োগকারীদের সংগঠন 'ইনভেস্টর ফোরাম অব চিটাগাং' এর প্রতিনিধি দলের সঙ্গে সিএসই'র উর্ধতন কর্মকর্তারা বৈঠক করছিলেন। ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীদের উপর বিনা উস্কানিতে লাঠিচার্জ করা হয়েছে। ১০ জনকে আটক করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাদের ছেড়ে দেয়া না হলে আগামী রোববার সিএসই কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেন তিনি। তিনি জানান, দুপুর একটায় লেনদেন শুরু হওয়ার পাঁচ মিনিটের মধেই সুচক ৬০০ পয়েন্ট কমে যায়। অথচ সার্কিট ব্রেকার অনুসারে সূচক কোনভাবেই ২৩৭ পয়েন্টের বেশি কমার কথা নয়। সিএসই'র সঙ্গে বৈঠকে বৃহস্পতিবারের লেনদেন সম্পূর্ণ বাতিলসহ নয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন ফোরামের নেতৃবৃন্দ। বিকাল চারটায় বিনিয়োগকারীরা চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন। সিএসই'র ব্যবস্থাপক (কর্পোরেট ডেভেলপমেন্ট) এ কে এম শাহরুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীদের দাবির বিষয়গুলো এসইসিকে জানানো হবে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১৩০ ঘ.