২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মিনিটেই বন্ধ লেনদেন, সংঘর্ষ-লাঠিপেটা

সপ্তাহের শেষ দিনে মাত্র ৫ মিনিট লেনদেনের পর বন্ধ হয়ে যায় ঢাকার পুঁজিবাজার। এতে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা নেমে আসে রাস্তায়। লাঠিপেটার পর আট জনকে আটক করে পুলিশ। বিক্ষোভ হয়েছে ঢাকার বাইরেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 12:47 PM

Updated : 07 Jul 2022, 08:58 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কিট ব্রেকার অতিক্রম করায় বৃহস্পতিবার বাজার শুরুর ৫ মিনিটের মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ হয়ে যায়।

এতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে এবং মতিঝিলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় আটক করা হয় অন্তত আট জনকে। বিক্ষোভ হয়েছে ঢাকার বাইরেও।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয় লেনদেন। ৫ মিনিটের মাথায় প্রথম দফা সূচক সমন্বয়ের সময়ই দেখা যায়, তা ৫৮৭ পয়েন্ট পড়ে গেছে। ফলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এসইসির নির্দেশনা অনুযায়ী সিএসইও লেনদেন বন্ধ করে দেয়।

সপ্তাহের শেষ দিনে ডিএসইতে পাঁচ মিনিটের লেনদেনে ৬৮ কোটি টাকার ১০ হাজার ৪৩৩টি শেয়ার হাতবদল হয়। এর মধ্যে ৮টি কম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৭২টির কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত ছিল।

লেনদেন বন্ধ হওয়ার সময় ডিএসইর সাধারণ সূচক ছিল ৬ হাজার ৩২৬ দশমিক ৩৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৫৮৭ পয়েন্ট বা ৮ দশমিক ৪৯১ পয়েন্ট কম।

এর আগে মঙ্গলবার ব্যাপক দরপতনের মুখে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় বুধবার ডিএসইতে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। জানানো হয়, লেনদেন ২২৫ পয়েন্টের বেশি কমে বা বেড়ে গেলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সিএসইকেও ডিএসইর পদক্ষেপ অনুসরণ করতে বলা হয়।

সার্কিট ব্রেকার অতিক্রম করায় বুধবারও দেড় ঘণ্টার মাথায় ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়। ফলে সিএসইর লেনদেনও বন্ধ করে দেওয়া হয়।

দুদিনই বিনিয়োগকারীরা ব্যাপক বিক্ষোভ করে।

পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুঁজিবাজারে ধস নামে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে রাস্তায় বসে যায়।"

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেছেন, বাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করা যায় না। কারণ বাজার চলে বাজারের নিয়মে।


ডিএসইর বক্তব্য

পুঁজিবাজারে পরিস্থিতি নিয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন ডাকে ডিএসই। সংবাদ সম্মেলন চলাকালেই সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যাওয়ার খবর আসে।

ডিএসই সভাপতি শাকিল রিজভী সংবাদ সম্মেলনে বলেন, "বাজারে বুক বিল্ডিং প্রাইসে কিছু সমস্যা আছে। কিছু শেয়ার অতিমূল্যায়িত হয়েই বাজারে আসছে।"

কোম্পানিগুলোর ব্যালেন্স শিট দেখে এ বিষয়ে ব্যবস্থা নিতে বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ডিএসই সভাপতি বলেন, এ মুহূর্তে আস্থার সঙ্কটই পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যা।

এ কারণেই লেনদেনের সময় চার ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করার সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

শাকিল রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত দুই ঘণ্টা করে লেনদেন হবে।"

তবে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেলে আগের মতোই দিনে চার ঘণ্টার সূচিতে ফিরে যাওয়া হবে বলে জানান তিনি। শাকিল আশা করছেন, আগামী সপ্তাহেই আবার চার ঘণ্টা লেনদেন শুরু করা যাবে।

বিনিয়োগকারীদের বিক্ষোভ

দুপুরে লেনদেন বন্ধ হওয়ার পরপরই রাস্তায় নেমে পড়ে বিনিয়োগকারীরা। রাস্তায় কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-ধাওয়ি হয়। অবশ্য কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিক্ষোভের সময় দুই ঘণ্টায় পুলিশ আট জনকে আটক করে। এদের মধ্যে ছয় জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আনিসুল ইসলাম, রেজাউল করিম, হারুনূর রশিদ, হোসেন, জামাল ও সালাউদ্দিন। তবে বিস্তারিত পরিচয় জানা
যায়নি।

বিকাল পৌনে ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে এলে মতিঝিল এলাকায় ফের গাড়ি চলাচল শুরু হয়।

দরপতনের খবরে ধানমণ্ডি সাত মসজিদ এলাকাতেও বিক্ষোভ দেখায় একদল বিনিয়োগকারী। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ওই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দুপুর ২টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হওয়ার পর দেড়টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে। তবে ১৫ মিনিটের মধ্যে লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয় পুলিশ।

এরপর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বেশকিছু ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা দুই দফায় মিছিল নিয়ে স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে আসার চেষ্টা করেও পুলিশের বাধায় ব্যর্থ হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টা ১০ এর দিকে বিক্ষোভকারীরা আগ্রাবাদ বাদামতলী মোড়ে সড়ক অবরোধ করলে পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে।

সিএসইর ব্যবস্থাপক (কর্পোরেট ডেভলেপমেন্ট) একেএম শাহরুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। তারা বৃহস্পতিবারের পুরো লেনদেন বাতিল, আটককৃতদের মুক্তিসহ ১০ দফা দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিনিধিরা জানিয়েছেন, ডিএসইর লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর সাভার, ফেনী, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও খুলনায় বিক্ষোভ করেছেন বিনিায়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এলএইচ/কেটি/প্রতিনিধি/আরএম/এমআ