ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে জালিয়াতির অভিযোগ এনে জড়িতদের বিচার দাবি করলেন খোদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যারা জালিয়াতি করছেন- আমরা তাদের বিচার চাই।"
পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উদ্দেশে শাকিল রিজভী বলেন, "খতিয়ে দেখতে হবে কারা বাজার থেকে টাকা তুলে নিচ্ছে।"
তালিকাভুক্ত কোম্পানিগুলোর 'ব্যালেন্স শিট' পরীক্ষা করে বাজারের অস্বাভাকি পতনের কারণ খতিয়ে দেখার জন্যও এসইসির প্রতি আহ্বান জানান তিনি।
পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ডিএসই'র পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক ঘণ্টার এই সংবাদ সম্মেলন চলাকালেই খবর আসে, সার্কিট ব্রেকার অতিক্রম করায় বাজার শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় ডিএসই'র লেনদেন বন্ধ হয়ে গেছে।
বাজারের এই পরিস্থিতির ব্যাখ্যা চাইলে শাকিল রিজভী বলেন, "বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার বাজারে আসা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রেও অসুবিধা সৃষ্টি হয়েছে।
"এছাড়া বাজার অতিমূল্যায়িত হওয়ায় দীর্ঘ মেয়াদী বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, যার কারণে পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।"
তিনি দাবি জানান, এসইসি কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়।
বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসতে চাওয়া অনেকগুলো কম্পানিরই ব্যালেন্স শিট দুর্বল উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়টি কর্তৃপক্ষের যথাযথভাবে পরীক্ষা করা উচিত।
তিনি জানান, এখনো পর্যন্ত ৪৮টি কম্পানি বুক বিল্ডি পদ্ধতিতে বাজারে আসার জন্য রোড শো করছে বা করবে।
বিরোধী দল বিএনপি এরইমধ্যে পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করেছে। এ প্রসঙ্গে ডিএসই সভাপতি বলেন, শেয়ার বাজারে উত্থান-পতনের জন্য সরকারকে দায়ী করা যায় না। বাজার চলে বাজারের নিয়মে।
"সরকার কেন দাম উঠানামার দায়িত্ব নেবে? তারা তো শেয়ারের দাম নির্ধারণ করে না। এর জন্য তাদের কিংবা স্টক এক্সচেঞ্জগুলোকে দায়ী করা ঠিক নয়," বলেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রতি বেশ কিছু পরামর্শও দিয়েছেন ডিএসই সভাপতি।
তিনি বলেন, "আমরা সব সময়ই চাই বাজারে ভালো শেয়ার আসুক। আমরা বিনিয়োগকারীদেরও স্বাগত জানাই।
হাতে ভাল কম্পানির শেয়ার থাকলে তা এখন বিক্রি না করে লভ্যাংশ ও বোনাস শেয়ারের সুবিধা নেওয়ার জন্য বিনিয়োগকারীদে পরামর্শ দেন তিনি।
অবশ্য যারা ইতিমধ্যে ভাল শেয়ার বিক্রি করে দিয়েছেন, তাদের ক্ষতি কাটিয়ে উঠার আর 'উপায় রইল না' বলেও মন্তব্য করেন তিনি।
শাকিল রিজভী আরো বলেন, "ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো আসায় স
bdnews24