ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ নিয়েও পুঁজি বাজার সামাল দিতে পারছে না বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিনিয়োগকারীদের রক্ষায় বুধবার সাধারণ সূচকে সার্কিট ব্রেকার পদ্ধতি চালু করার পরপরই দরপতনের মুখে বাজার শুরুর দেড় ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ হয়ে যায়।
এসইসির নির্দেশনা অনুযায়ী বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও।
মঙ্গলবার দুপুরে দেেেপশর দুই স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়ার পর এসইসি জানিয়েছিল- বুধবার সকালে নির্ধারিত সময়ে আবার লেনদেন শুরু হবে। কিন্তু সকাল ১১ টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক ওয়েব পোস্টেংয়ে জানানো হয়, লেনদেন শুরু হবে দুপুর ১টায়।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুই ডেপুটি গভর্নর, এসইসি চেয়ারম্যান ও দুই সদস্য এতে উপস্থিত ছিলেন। এর পরপরই দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ জরুরি বৈঠকে বসে এসইসি।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া জানান, মূল্যসূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে ডিএসইর লেনদেন সেদিনের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ডিএসইকে অনুসরণ করবে।
আনোয়ারুল কবির ভূঁইয়া বলেন, "গত কয়েকদিনের অবস্থা দেখে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
দুপুর ১টায় লেনদেন শুরুর ১ মিনিটের মধ্যে সূচক ২৯ পয়েন্ট বেড়ে যায়। পাঁচ মিনিটের মাথায় তা বাড়ে ১৫১ পয়েন্ট। কিন্তু এরপরই শুরু হয় পতন। বেলা আড়াইটা নাগাদ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩১ পয়েন্ট কমে গেলে সার্কিট ব্রেকারের নিয়ম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন বন্ধ হয়ে যায়।
দেড় ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ছিল ৬ হাজার ৯১৩ দশমিক ৩৮ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২২৬ দশমিক ৮৫ পয়েন্ট বা ৩ দশমিক ১৭৭ শতাংশ কম।
এদিন ডিএসইতে ৭টি কম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩০টির এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল।
দেড় ঘণ্টায় মোট ৫৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
এসইসির সিদ্ধান্ত অনুযায়ী সিএসইর লেনদেনও ওই সময়ই বন্ধ করে দেওয়া হয়।
ঢাকায় লেনদেন বন্ধ হওয়ার পরপরই বিনিয়োগকারীরা ডিএসই'র সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সড়কে নেমে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ডিএসই'র সামনের রাস্তায় মিছিল শুরু করে। মিছিল থেকে 'হরতাল-হরতাল' স্লোগান দেওয়া হয়।
অল্প সময়ে মধ্যে মতিঝিলের শাপলা চত্তর থেকে একদিকে দৈনিক বাংলা মোড় এবং অন্যদিকে ইত্তেফাক মোড় পর্যন্ত এলাকা বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের দখলে চলে যায়।
পুঁজি হারিয়ে অনেক বিনিয়োগকারীই স্বাভাবিক বিচারবুদ্ধি হারিয়ে ফেলেন। তাদের একটি দল ওপর হামলে পড়েন এক নিরীহ রিক্সা চালকের ওপর। নির্দয়ভাবে পিটিয়ে নিজেদের ক্ষোভ ঝারেন তারা।
লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর আনোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারী ডিএসই ভবনের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আমি ফকির হয়্যা গেছি। আমার সবকিছু নাই হয়্যা গেছে।"
আনোয়ার জানান, সাত মাস আগে ভাইদের কাছ থেকে ধার করা আর নিজের সঞ্চয় মিলিয়ে সাড়ে ছয় লাখ টাকা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন তিনি। টানা দরপতনে তার সেই বিনিয়োগ অর্ধেকে নেমে গেছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। বিকাল ৪টার দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।"
লেনদেন বন্ধ হওয়ার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীরা মানব বন্ধন করে এর প্রতিবাদ জানায়।
৪টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র ডিএসই ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে 'ভালো শেয়ার' বিক্রি না করার জন্য বিনিয়োগকারীদেও প্রতি আহ্বান জানান।
"বাংলাদেশের শেয়ারবাজার এখন ক্রান্তিকাল অতিক্রম করছে" উল্লেখ করে তিনি বলেন, "বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ- তারা যেন ভালো শেয়ার বিক্রি করে না দেন।"
পুঁজিবাজারে তিন মাস বা চার মাসভিত্তিক সার্কিট ব্রেকার চালু করা যায় কি না- সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে জানিয়ে সতীপতি মৈত্র বলেন, এসইসি'র সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সন্ধ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগ জানায়, বৃহস্পতিবার আবার বাজাওে স্বাভাবিক লেনদেন শুরু হবে। দুপুর ১২টায় ডিএসই কর্তৃপক্ষ বাজার পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাবে।
পুঁজি বাজার পরিস্থিতি প্রসঙ্গে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বিনিয়োগকারীরা এমন একটা সময়ে বাজারে আসেন যখন দাম সবেমাত্র চড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে এসে তাদের অধিকাংশই এমন শেয়ার কেনেন, যার দাম এরইমধ্যে মৌল ভিত্তি ছাড়িয়ে গেছে। এখন বাজারে দরপতন শুরু হওয়ায় তারাও পুঁজি হারাচ্ছেন।'
গত ৫ ডিসেম্বর থেকে বুধবার পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে গেছে। একই সময়ে বাজার মূলধন কমেছে ২৭ শতাংশ। দৈনিক মোট লেনদেন ৩২৪৯ কোটি টাকায় পৌঁছানোর পাঁচ সপ্তাহের মাথায় তা নেমে এসেছে ৪০০ কোটিতে।
এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের শান্ত করতে একে একে প্রায় সব নীতিমালা শিথিল করতে শুরু করে বাজার নিয়ন্ত্রক সংস্থা। ৮ ডিসেম্বরের পর থেকে মার্জিন লোনের অনুপাত তিন দফা কমিয়ে আনা হয়। কিছু বড় কম্পনিকে স্পট মার্কেট থেকে মূল বাজারে ফিরিয়ে আনে এসইসি।
এরপরও মঙ্গলবার ব্যাপক দরপতনের কারণে ডিএসই ও সিএসইর লেনদেন বন্ধ করে দিতে বাধ্য হয় এসইসি। তাৎক্ষণিকভাবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দুটি পদক্ষেপ নেওয়া হয়। ব্রোকারদের জামানতমুক্ত ক্রয়সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয় ১৫ কোটি টাকা। আর তালিকাভুক্ত সব কম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার সিদ্ধান্ত হয়।
সালাউদ্দিন আহমেদ খান বলেন, 'এতো পদক্ষেপের পরও তারল্য নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্ক কমেনি। কাজেই যে উদ্দেশ্য নিয়ে সিএসই এসব পদক্ষেপ নিলো, তা সফল হচ্ছে না।'
পরিস্থিতি সামাল দিতে না পেরে গত আট কার্যদিবসের মধ্যে তিন দফা লেনদেন বন্ধ করতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। হঠাৎ উল্লম্ফন আর বিরাট পতন ঠেকানোর চেষ্টা হিসেবে সর্বশেষ বুধবার সাধারণ সূচকের ওপরও আরোপ করা হয়েছে সার্কিট ব্রেকার। তার মাত্র দেড় ঘণ্টার মাথায় পতনমুখী সূচক সার্কিট ব্রেকার অতিক্রম করে। ফলে লেনদেন বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/আরএইচএন/পিডি/জেকে/০০১৭ ঘ.
bdnews24