ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল ইউনিপে-টু-ইউ। তবে এ সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা ছিলেন না, ছিলেন ওই সংস্থার গ্রাহক-সদস্যরা।
তাদের কেউ গণমাধ্যমকে দুষলেন। আবার কেউ বললেন, 'আমাদের বাঁচান।'
সকাল ১১টায় সংবাদ সম্মেলন শুরুর আগেই 'মাল্টি লেভেল মার্কেটিং' সংস্থা ইউনিপে-টু-ইউ'র কয়েকশ সদস্য জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
মঙ্গলবার ইউনিপে-টু-ইউ'র ম্যানেজার অপারেশনস মালিক হাসান নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। কিন্তু বুধবার সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়- প্রতিষ্ঠান নয়, সংবাদ সম্মেলন করবেন সংস্থার সাধারণ সদস্য ও ট্রেডার্স ফোরাম।
পরে টেলিফোনে এর কারণ জানতে চাইলে মালিক হাসান নোমান দুঃখ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে- কোম্পানির পরিচালনা পর্ষদের লোকজন সংবাদ সম্মেলনে যাবেন না। তাই তাদের বদলে সদস্যদের সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে।"
আগামী সপ্তাহের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে কোম্পানীর অবস্থান 'পরিষ্কার' করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকালে সংবাদ সম্মেলনের শুরুর পরপরই ইউনিপে-টু-ইউ'র কয়েকজন সদস্য তাদের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার জন্য গণমাধ্যমে প্রচারিত খবরকে দায়ী করেন। এতে সেখানে উপস্থিত সাংবাদিক ও ইউনিপে সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সদস্যরা ক্ষমা চেয়ে আবার সংবাদ সম্মেলন শুরু করেন।
ট্রেডার্স ফোরামের আহ্বায়ক এম এ আবু তাহের বলেন, "এখনো কেউ প্রতারিত হয়নি। তবে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছি।"
ইউনিপে-টু-ইউ'র বিষয়টি পরিষ্কার করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সদস্যরা কেন করছেন- এ প্রশ্নের জবাবে তাহের বলেন, "সদস্যরা এ সংবাদ সম্মেলন করেছে। তবে প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।"
প্রতিষ্ঠানটির সদস্য মিজানুর রহমান দীপু মূল প্রবন্ধে বলেন, "এ প্রতিষ্ঠানের ট্রেডার প্রায় ৪ লাখ। ব্যাংক স্থিতি প্রায় ৪৫০ কোটি টাকা।"
একটি কুচক্রি মহল ইউনি-পে-টু'র বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে দীপু বলেন, "আমরা সরকার বা অর্থমন্ত্রীকে দায়ী করছি না। তবে কিছু সংবাদ মাধ্যম প্রচারণা চালানোর কারণে এ অবস্থার সৃস্টি হয়েছে। এ বিষয়টি পরিষ্কার করার জন্যই এ সংবাদ সম্মেলন করা হচ্ছে।"
অবশ্য খোদ সদস্যদের কেউ কেউ ইউনিপে-টু-ইউ'র কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন।
'কোম্পানির কোনো অবস্থান পরিস্কার নয়' মন্তব্য করে প্রতিষ্ঠানটির সদস্য আসাদ জামান সংবাদ সম্মেলনে বলেন, "কোম্পানিকে কাগজপত্র দেখাতে হবে।"
ইউনিপে-টু-ইউ'র কার্যক্রম 'মনিটরিং' করারও আহ্বান জানান তিনি।
আসাদ বলেন, "ইউনিপে-টু-ইউ লোভ দেখিয়েছে, আমরা তাতে পা দিয়েছি, বারবার প্রতারিত হতে চাই না, আমাদের বাঁচান"।
কোম্পানির রাবার প্রজেক্ট, হোটেল প্রজেক্ট এবং ধানমন্ডি ২৭ নম্বরে নিজস্ব ভবন রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে কয়েকজন সদস্য বলেন, তাদের কীভাবে লাভ দেওয়া হবে- তা জানতে চান তারা।
এ ধরনের প্রতিষ্ঠানের ব্যাপারে একটি সুনির্দিস্ট নীতিমালা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
অন্যদের মধ্যে ইউনিপে-টু-ইউ'র গ্রাহক-সদস্য এস কে শাহা, জাভেদ খান, এম এ জামান, শাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্ক করে বলা হয়, এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।
ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, ইউনিপে-টু-ইউর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরদিন বাণিজ্যমন্ত্রী ফারুক খান এক সংবাদ সম্মেলনে বলেন, এমএলএম ব্যবসার বিষয়ে শিগগিরই নীতিমালা চূড়ান্ত করবে সরকার।
ইউনিপে-টু-ইউ'র ব্যাপারে সতর্ক করে সরকারের পক্ষ থেকে একটি তথ্য বিবরণীও প্রচার করা হয়।
এতে বলা হয়, ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন নেতাদের নামে এসএমএস পাঠিয়ে মানুষকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। তাদের বিজ্ঞাপনী প্রচারে বলা হচ্ছে- "ইউনিপে-টু-ইউতে টাকা রাখুন। ১০ মাসে ১ লাখে দুই লাখ টাকা লাভ করুন, ডিজিটাল বাংলাদেশ গড়
bdnews24