চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিনদিনব্যাপী পোশাক শিল্প প্রদর্শনী 'চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড এক্সসেসরিজ এক্সপজিশন' (কাফেক্সপো)।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রামে নবমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
এবারের প্রদর্শনী ৫৫টি স্টলে ৩২টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেবে।
বুধবার দুপুরে নগরীর একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে বিজিএমইএ এ কথা জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, পাট ও বস্ত্র মন্ত্রণালয় স্ক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রদর্শনীতে গার্মেন্টস এক্সেসরিজসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। এতে করে বিদেশিরা চট্টগ্রামে পোশাক খাতে বিনিয়োগসহ পণ্য আমদানিতে উৎসাহিত হবে।
বিশ্বমন্দার কারণে কমমূল্যের পোশাকের ক্রেতারা চীনের পরিবর্তে বাংলাদেশের দিকে ঝুঁকছেন উল্লেখ করে তিনি জানান, ২০১০-২০১১ অর্থ বছরের প্রথম ছয়মাসে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৪৩ শতাংশ। ২০১১ সালের জানুয়ারিতে এটি ৭৩ দশমিক ১১ শতাংশে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সাবেক প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, এরশাদ উল্লাহ, কাফেক্সপো'২০১১ এর সমন্বয়কারী ও বিজিএমইএ পরিচালক লিয়াকত আলী চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24