২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিফিংয়ে ডিএসই সিইও ভালো শেয়ার বিক্রি করে দেবেন না

বিনিয়োগকারীদের প্রতি 'ভালো শেয়ার বিক্রি করে না দেওয়ার' অনুরোধ জানিয়েছে ডিএসই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের প্রতি 'ভালো শেয়ার বিক্রি করে না দেওয়ার' অনুরোধ জানিয়েছে ডিএসই। বুধবার লেনদেন বন্ধের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র ডিএসই ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে 'ভালো শেয়ার' বিক্রি না করার অনুরোধ জানান। "বাংলাদেশের শেয়ারবাজার এখন ক্রান্তিকাল অতিক্রম করছে," উল্লেখ করে তিনি বলেন, "বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ তারা যেন ভালো শেয়ার বিক্রি করে না দেন।" পুঁজিবাজারে তিন মাস বা চার মাসভিত্তিক সার্কিট ব্রেকার চালু করা যায় কি না সে বিষয়েও চিন্তা চলছে। এসইসি'র সঙ্গে ডিএসই ও সিএসই'র আলোচনায় এ বিষয়টি ঠিক হবে বলে জানান সতীপতি মৈত্র। তবে আলোচনার কোনো সময় জানাননি তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার নির্ধারিত সময়ে চেয়ে দুঘণ্টা দেরিতে বেলা ১টায় লেনদেন শুরু হয়। এর আধঘণ্টার বেশি সময় পর ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ অনুযায়ী মূল্যসূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন বন্ধ হয়ে যাওয়া কথা। চালুর আধঘণ্টার মধ্যে ডিএসইতে সার্কিট ব্রেকার ভেঙে লেনদেন বন্ধ হয়ে যায়। সার্কিট ব্রেকার কার্যকরের সিদ্ধান্তে ডিএসইকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অনুসরণের সিদ্ধান্ত ছিলো। এ কারণে ডিএসই'র সঙ্গে সিএসই'র লেনদেনও বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৭১৬ ঘ.