ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান এ বি এম আবুল কাশেম বলেন, "বর্তমানে আমাদের দেশে দ্রব্যমূল্যের যে অবস্থা এ নিয়ে আমরা উদ্বিগ্ন।
"আমরা আশা করছি দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
অবশ্য আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি ও বাজার পরিস্থিতিকে এর জন্য দায়ী করেন তিনি।
আবুল কাশেম বলেন, "অন্যদেশে কি হচ্ছে জনগণ তা বুঝতে চায় না। তারা চায় এখানে পণ্যের দাম কম থাকুক। ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।"
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
বণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, বাংলাদেশ আমদানি-নির্ভর হওয়ায় এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন কাজ।
অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, "ব্রাজিলে সয়াবিনের দাম সামান্য বাড়লে ঢাকার বাজারেও তার প্রভাব পড়বে।"
"উদাহরণস্বরূপ, ভারতের মহারাষ্ট্রে প্রচুর পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে। কিন্তু সেখানে দুর্যোগের কারণে সেদেশে পেয়াজের দাম বেড়ে গেছে। কিন্তু বাংলাদেশে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় এখানে এর দাম কমে যায়", বলেন তিনি।
সংসদীয় স্থায়ী কমিটির কাছে পেশ করা নিত্যপণ্যের দামের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে হলুদের দাম ৮০ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনে ১৬ জানুয়ারি পর্যন্ত ১০টি নিত্যপণ্যের দাম তুলে ধরা হয়।
এতে জানানো হয়, গত বছর জানুয়ারিতে এক কেজি হলুদ ১৬০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এ বছর তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২৫ টাকায়।
রসুনের দাম ৫২ শতাংশ বেড়ে প্রতি কেজি ১৪৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ৯৫ থেকে ১২৫ টাকা।
গমের আটার দাম এক বছরে ৪৩ শতাংশেরও বেশি বেড়েছে। এ বছর আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৩ থেকে ৩৬ টাকায়, যা গত বছর ছিল ২২ থেকে ২৬ টাকা।
চাল ও সয়াবিনের দাম গত এক বছরে ৩৩ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোটা চাল গত বছর জানুয়ারিতে বিক্রি হয়েছে কেজি প্রতি ২৬ থেকে ৩৩ টাকায়। যা এখন ৩৫ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে।
এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৯ থেকে ১০৩ টাকায়। গত বছর যা ছিল ৭৪ থেকে ৭৭ টাকা।
পাম অয়েলের দাম ৪৯ শতাংশ বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯২ টাকায়। যা গত বছর ছিল ৬০ থেকে ৬২ টাকা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বেগম তহুরা আলী, রোমান মাহমুদ, মো. আবুল কাশেম, শেখ আফিল উদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমআই/জেবি/এইচএ/২২২০ ঘ.
bdnews24