২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনে আবার পতন পুঁজিবাজারে

দুই দিনের অব্যাহত ঊর্ধ্বগতির পর সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিন। বেশিরভাগ শেয়ারেরও দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের অব্যাহত ঊর্ধ্বগতির পর সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিন। বেশিরভাগ শেয়ারেরও দাম কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক গত দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৭৫৭৫ দশমিক ৮৮। এদিন মোট ২৪৬টি শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮টির দাম কমে যায়, বেড়েছে ৪৪টির। ৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার শুরুর পর লেনদেনের রেখাচিত্র উত্থান পতনের মধ্য দিয়ে এগোতে থাকে। মূল্য সূচকের সর্বোচ্চ ও সর্বনিু অবস্থানের মধ্যে পার্থক্য দাঁড়ায় ১৬০ পয়েন্ট। দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ১ হাজার ৬৩ কোটি টাকা। গত দিনের চেয়ে যা ৩৫ শতাংশ বা ৫৮৬ কোটি টাকা কম। তবে পুঁজিবাজারে এ ধরনের পতনকে স্বাভাবিক বলে জানিয়েছেন বিনিয়োগকারীরা। অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা ইয়াওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সপ্তাহের প্রথম দুইদিন যারা কম দামে শেয়ার কিনেছেন তারা আজ মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করেছেন। পতনের এই ধারা অব্যাহত থাকবে, এমন ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" এদিন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সিমেন্ট, জ্বালানি, মিউচুয়াল ফান্ড, টেলিকম ও টেক্সটাইল খাতের শেয়ারেরও দাম কমে যায়। লেনদেনের তালিকায় এগিয়ে ছিলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। প্রতিষ্ঠানটির মোট ৭৪ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে ছিলো বেক্সিমকো। এ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় ৩৪ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকার। তৃতীয় অবস্থানে ছিলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। ব্যাংক বহির্ভূত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে ছিলো পিএলএফএসএল। প্রতিষ্ঠানটির মোট ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়। জ্বালানি খাতে লেনদেনে এগিয়ে ছিলো তিতাস গ্যাস। এ প্রতিষ্ঠানের মোট লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা, যা গতদিনের চেয়ে ২ দশমিক ৩১ শতাংশ কম। এদিকে গ্রামীণফোনের শেয়ারের দাম অব্যাহতভাবে কমে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মোট ২৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা গত দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কম। গত সোমবার সর্বোচ্চ পতনের পরদিন মঙ্গলবার ডিএসই সূচক ১ হাজার ১২ পয়েন্ট বেড়ে যায়। যা একদিনের লেনদেনে সূচকের সর্বোচ্চ উত্থান। বুধবারও সূচকের এ ঊর্ধ্বগতি অব্যাহত ছিলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গতদিনের চেয়ে ১ দশমিক ৩৪ শতাংশ কমে বৃহস্পতিবার দিন শেষে দাঁড়ায় ১৩৮৯৮ দশমিক ৬৭ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৩২টির দাম বাড়ে, ১৫২ টি শেয়ারের দাম কমে ও চারটি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৭৪৫ ঘ.