২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পতনে দায়ী এসইসি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ'

পুঁজিবাজারের পতনের জন্য এর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের পতনের জন্য এর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সোমবার অর্থনৈতিক প্রতিবেদক ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে বলা হয়, এসইসি তার কিছু সিদ্ধান্ত পাল্টেছে এবং পুঁজিবাজার রক্ষায় তাদের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী ইত্যাদি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন, "বাজার যখন পড়তে শুরু করে তখন সিদ্ধান্ত বদলায় এসইসি। এতে বিনিয়োগকারীরা মনে করেন এসইসি সূচক ওঠানোর চেষ্টা করছে। ফলে নৈতিক দিক দিয়ে ঝামেলায় পড়েন তারা।" তবে বিষয়টিকে "তাদের ব্যর্থতা হিসেবে" চিহ্নিত করতে চান না মির্জা আজিজুল। তিনি বলেন, "এসইসি সিদ্ধান্ত বদলানোয় সমস্যা হয়েছে।" প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের স্থিতিশীলতায় ভূমিকা রাখে জানিয়ে মির্জা আজিজুল বলেন, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাতে ব্যর্থ হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে সরকার, এসইসি ও বাংলাদেশ ব্যাংকের দ্রুত বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেন তিনি। পতনের পেছনে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের কোনো ভূমিকা আছে কি না তা খুঁজে দেখারও আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল। তিনি বলেন, "১৯৯৬ সালে বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ার বিক্রি করতে শুরু করার পর পুঁজিবাজারে সমস্যা শুরু হয়।" এসইসি'র সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক বলেন, 'মানসিক কিছু বিষয়' যুক্ত থাকায় পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে। তিনি বলেন, "দেশের বিভিন্ন স্থানে ব্রোকারেজ হাউজ খোলার অনুমতি দিয়ে চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।" তিনি জানান, গত এক বছরে ব্রোকারেজ হাউজগুলো দুশ ৭০টি শাখা খুলেছে। এর মধ্যে ঢাকাতেই খোলা হয়েছে ৭০। "এতে শেয়ার কেনার আগ্রহ কেবলই বেড়েছে," জানিয়ে এসইসি'র সাবেক চেয়ারম্যান বলেন, "নিয়ন্ত্রক সংস্থাকে এর ভূমিকা পালন করতে দেওয়া উচিত।" প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ না করে স্বল্পমেয়াদি লাভের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/পিডি/২১৩১ ঘ.