ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। দিনের মধ্যভাগে সাধারণ সূচক প্রায় ৫০০ পয়েন্ট কমে গেছে। কমেছে প্রায় সব শেয়ারের দাম।
গত সপ্তাহের ধারাবাহিকতায় রোববারও দরপতন দিয়েই দিন শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক ১০০ পয়েন্ট কমে যায়। দুপুর ১টা ৯ মিনিটে সূচক ছিলো ৭২৪১ দশমিক ৯৯, যা দিনের শুরুর চেয়ে ৪৯৩ দশমিক ২১ পয়েন্ট বা ৬ দশমিক ৩৭ শতাংশ কম।
ওই সময় পর্যন্ত মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টির দামই কমেছে, বেড়েছে বাকি দুটির।
ব্যাপক দরপতনের পরও কোনো ধরনের বিক্ষোভ দেখা যায়নি। গত সপ্তাহের বিক্ষোভের পর রোববার ডিএসই'র সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক র্যাব-পুলিশ অবস্থান নিয়ে আছে।
বৃহস্পতিবার বিক্ষোভের পর ডিএসই এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।
এদিকে প্রথম সপ্তাহে দরপতনের পর রোববার বিনিয়োগকারী ব্যক্তির ঋণ পাওয়ার সীমা তুলে দেওয়াসহ কয়েকটি সিদ্ধান্তনিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
একক ব্যক্তি আগে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নিতে পারলেও এখন থেকে সে সীমা থাকছে না। ঋণ নেওয়া যাবে বিও একাউন্ট খোলার ১৫ দিনের মধ্যেই। আগে বিও একাউন্ট খোলার ৩০ দিন আগে ঋণ নেওয়া যেত না।
এছাড়া গ্রামীণফোনের শেয়ার এখন থেকে নেটিং সুবিধা পাবে বলেও জানিয়েছেন আনোয়ারুল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের সঙ্গে এসইসির বৈঠকে এ সিদ্ধান্তগুলো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩২০ ঘ.
bdnews24