ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম সপ্তাহে দরপতনের পর বিনিয়োগকারী ব্যক্তির ঋণ পাওয়ার সীমা তুলে দেওয়াসহ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
একক ব্যক্তি আগে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নিতে পারলেও এখন থেকে সে সীমা থাকছে না। ঋণ নেওয়া যাবে বিও একাউন্ট খোলার ১৫ দিনের মধ্যেই। আগে বিও একাউন্ট খোলার ৩০ দিন আগে ঋণ নেওয়া যেত না।
এছাড়া গ্রামীণফোনের শেয়ার এখন থেকে নেটিং সুবিধা পাবে বলেও জানিয়েছেন আনোয়ারুল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের সঙ্গে এসইসির বৈঠকে এ সিদ্ধান্তগুলো হয়।
এদিকে গত সপ্তাহের দরপতনের ধারা রোববার নতুন সপ্তাহের শুরুর দিনেও অব্যাহত রয়েছে।
ডিএসইতে রোববার লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক ১০০ পয়েন্ট কমে যায়। কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
বেলা ১১টা ৪৮ মিনিটে সূচক ছিলো ৭৬৫১ দশমিক ৪৩, যা দিনের শুরুর চেয়ে ৮৩ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ কম।
ওই সময় পর্যন্ত মোট ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির দাম কমেছে, বেড়েছে ৩২টির দাম। ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে গত সপ্তাহের বিক্ষোভের পর রোববার ডিএসই'র সামনে বিপুল সংখ্যক র্যাব-পুলিশের অবস্থান দেখা গেছে। বৃহস্পতিবার বিক্ষোভের পর ডিএসই এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১২০০ ঘ.
bdnews24