বগুড়া, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম) - 'গ্রিন ব্যাংকিং কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, "এই কর্মসূচির আওতায় ব্যাংকগুলো নিজেরা যেমন সৌর বাতি ব্যবহারের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠান আলোকিত করবে, ঠিক তেমনি অন্যকে তা ব্যবহারের ব্যাপারে উদ্বুদ্ধ করার পাশাপাশি সম্ভব সব রকমের সহায়তা করবে।"
শুক্রবার সকালে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে 'নদী ও জীবন' প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার চরাঞ্চলের ছাত্রছাত্রীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত বাতি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো যে উচ্চ মুনাফা করছে, তা জনগণের সঞ্চিত আমানতের টাকা দিয়েই করছে। তাই জনগণের প্রতি ব্যাংকগুলোর দায়বদ্ধতা থাকা অপরিহার্য।
পাবনা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ ছয় জেলায় ছয়টি বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত বিদ্যালয়ের দুই হাজার ছাত্র-ছাত্রীর মাঝে সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশন সৌর বিদ্যুৎ চালিত বাতি ও শিক্ষা উপকরণ বিতরণ করে।
সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশন ও আইরিশ সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী গোলাম সারওয়ার তালুকদার জানান, সৌরশক্তি চালিত বাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণে সাউথ ইস্ট ব্যাংকের ৩৮ লাখ টাকা ব্যয় হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এর আবাসিক পরিচালক এ কে এম মুসা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাউথ ইস্ট ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী, পাবনার বেড়া এলাকার নদী ও জীবন প্রকল্পের সদস্য বীণা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.
bdnews24