ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সামনে বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাধারণ সূচক দিনের শুরুর চেয়ে প্রায় ১০০ পয়েন্ট কমে গেলে শতাধিক বিনিয়োগকারী রাস্তায় নেমে পড়ে।
সড়কে তাদের মিছিলের কারণে ডিএসই সংলগ্ন মতিঝিলের ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা সড়কে কাগজ স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেয়।
এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ডিএসই ভবনে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা আশপাশের ভবনের দিকে ঢিল ছোড়ে।
এর মধ্যে এক দল বাংলাদেশ ভবনের দিকে যেতে চাইলে সেখানে বাধা পেয়ে একটি বাসের ওপর হামলা চালায়।
ডিএসইর সামনে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে বলে মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এদিকে দরপতনের কারণে ঢাকার মিরপুর এলাকায়ও একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন।
ডিএসইতে শুরুতে পতনের পর সাধারণ সূচক কিছুটা বেড়ে পুনরায় কমতে শুরু করেছে।
দুপুর ১টা ১২ মিনিটে সাধারণ সূচক ছিলো ৭৯২৪ দশমিক ১৮, যা দিনের শুরুর চেয়ে ৫৬ দশমিক ৮০ পয়েন্ট কম।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৮৮টির দাম কমেছে, বেড়েছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৯টির।
তারল্য প্রবাহের ঘাটতি ও শেয়ার বিক্রির চাপের মধ্যে ডিএসইতে মঙ্গলবার বড় ধরনের দরপতন হয়।
মঙ্গলবার সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ পড়ে দিন শেষে দাঁড়ায় ৭ হাজার ৯৮০ দশমিক ৯৮ পয়েন্ট।
সোমবারও সাধারণ সূচক ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে যায়। সেইসঙ্গে কমে বাজার মূলধন ও লেনদেনসহ সবগুলো সূচক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইটি/এজে/এমআই/১৩২০ ঘ.
bdnews24