২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেলায় ৪০ কোটি টাকা আয়কর আদায়

চট্টগ্রামে পাঁচ দিনের আয়কর মেলায় ৪০ কোটি টাকারও বেশি আয়কর আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাঁচ দিনের আয়কর মেলায় ৪০ কোটি টাকারও বেশি আয়কর আদায় হয়েছে। নতুন-পুরনো মিলিয়ে মোট ২৩ হাজার পাঁচশ দুজন আয়করদাতা মেলায় রির্টান জমা দিয়েছেন। এর মধ্যে দুই হাজার একশ সাতজন নতুন আয়করদাতা। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সফলভাবে পাঁচ দিনের মেলা শেষ হয়েছে। মেলায় মোট ৪০ কোটি ১২ লাখ ২১ হাজার ৮২৪ টাকা আয়কর আদায় হয়েছে।" চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনের আয়কর মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে শেষ হয়। আয়করদাতাদের আয়কর দেওয়ায় উৎসাহিত করা এবং ঝামেলামুক্ত পরিবেশে কর দেওয়ার সুযোগ করে দিতে দেশে প্রথমবারের মত রাজধানী ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলা আয়োজন করা হয়। রমেন্দ্র চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন দুই হাজার একশ সাতজন করদাতা মোট ৫৩ লাখ ৭৯ হাজার সাতশ ৭৫ টাকা আয়কর দিয়েছেন। তিনি জানান, এককভাবে কোম্পানি সার্কেল-৩ এর অধীনে সর্বোচ্চ প্রায় ১৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। মেলায় চট্টগ্রামের তিনটি কর অঞ্চলের মোট ৪০টি সার্কেল অংশ নেয়। মেলায় করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) সংগ্রহ এবং আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার ব্যবস্থা ছিল। সরাসরি কর গ্রহণের জন্য মেলায় সোনালী ও জনতা ব্যাংকের দুটি শাখার বুথ স্থাপন করা হয়। আয়কর কর্মকর্তা জানান, মেলার শেষ দিন আট কোটি ২৬ লাখ ৪৫ হাজার নয়শ ৩২ টাকা আয়কর আদায় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/পিডি/২১৪৯ ঘ.