ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার ব্রোকারদেরকে তাদের বিনিয়োগকৃত পুঁজির হিসাব জমা দিতে বলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
আগামী বুধবারের মধ্যে তাদেরকে গত মে থেকে অগাস্ট পর্যন্ত প্রত্যেক মাসের হিসাব দিতে বলা হয়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদে এ কথা জানানো হয়।
এসইসি'র নজরদারি বিভাগের এই নতুন নির্দেশনায় সর্বশেষ আর্থিক তথ্যের উপর ভিত্তি করে ব্রোকারেজ হাউসগুলোকে তাদের মোট দায়ের হিসাবও দাখিল করতে বলা হয়েছে।
কোনো ব্রোকারেজ হাউসের মোট দায় হচ্ছে ওই ব্রোকারের নেওয়া সমুদয় ঋণের পরিমাণ।
এছাড়া ওই নির্দেশনায় শেয়ার ব্রোকারদেরকে ঋণের পরিমাণ বিবেচনায় নিয়ে তাদের শীর্ষ ১০ খরিদ্দারের তালিকা জমা দিতেও বলা হয়েছে।
এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসাবে ব্রোকারদের এসব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/জেবি/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24